মেয়রের সঙ্গে ‘অসদাচরণ’, কাউন্সিলরের বিপক্ষে অনাস্থা প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বদিউল আলম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার মেয়র বদিউল আলমের সঙ্গে অসদাচরণের অভিযোগে এক কাউন্সিলরের বিপক্ষে পৌরসভার অন্য কাউন্সিলররা অনাস্থা প্রস্তাব দিয়েছেন। গতকাল বুধবার অনাস্থা প্রস্তাবের কপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে ওই কাউন্সিলরের অধীন যত প্রকল্প চলমান ছিল, সেগুলো থেকে তাঁকে অব্যাহতি দিয়েছে পৌরসভা বোর্ড।

ওই কাউন্সিলরের নাম বদিউল আলম ওরফে জসিম। তিনি সীতাকুণ্ড পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

মেয়র বদিউল আলম প্রথম আলোকে বলেন, গত সোমবার দুপুরে পৌরসভা ভবনে তাঁর কার্যালয়ে কাউন্সিলর বদিউল একটি অনৈতিক প্রস্তাব নিয়ে আসেন। এ সময় ওই কার্যালয়ে আরও দুই কাউন্সিলর, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ কয়েকজন উপস্থিত ছিলেন। কাউন্সিলরের অনৈতিক প্রস্তাবে তিনি রাজি না হওয়ায় বিষয়টি নিয়ে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে কাউন্সিলর বদিউল তাঁর সঙ্গে অসদাচরণ করেন। এ সময় অন্য কাউন্সিলররা বদিউলকে মেয়র কার্যালয় থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বদিউল অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে মেয়র দাবি করেন।

অনৈতিক প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে মেয়র বদিউল বলেন, কাউন্সিলর বদিউল পৌরসভার একটি প্রকল্প তাঁর মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। তবে তিনি এতে রাজি হননি। কারণ, পৌরসভার অধীন হাটবাজার, রাস্তাঘাট ইত্যাদি লাভজনক কর্মকাণ্ডে পৌরসভার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি অংশ নিতে পারেন না।

জানতে চাইলে কাউন্সিলর বদিউল বলেন, মেয়রের সঙ্গে তাঁর ছোটখাটো একটি বিষয় নিয়ে বাক্‌বিতণ্ডা হয়েছে। এটা তেমন কিছু নয়। একসঙ্গে চলতে গেলে এ রকম হয়। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি।

পৌরসভা সূত্রে জানা যায়, এ ঘটনার পর মঙ্গলবার প্যানেল মেয়রসহ অন্যান্য সব কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বদিউলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। ওই প্রস্তাব গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে বলে জানা যায়। এ ছাড়া জরুরি সভায় কাউন্সিলর বদিউলের অধীন চলমান প্রকল্পগুলো থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

কাউন্সিলর বদিউলের বদলি হিসেবে দায়িত্ব পালন করবেন সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর আনোয়ারা বেগম। মন্ত্রণালয়ে পাঠানো অনাস্থা প্রস্তাবের কপি এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কপি কাউন্সিলর বদিউলকে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মেয়র বদিউল আলম।