রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবীর মেয়াদ শেষ হওয়ায় তিনি ঢাকায় চলে গেছেন। গত শুক্রবার রাত ১২টায় ভাড়া করা একটি গাড়িতে করে কর্মস্থল ত্যাগ করেন তিনি। এদিকে এ বিশ্ববিদ্যালয়ে নতুন করে কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।
২০১৩ সালের ৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক এ কে এম নূর-উন-নবী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন। গত শুক্রবার রাত ১২টা পর্যন্ত তিনি ক্যাম্পাসে অবস্থিত তাঁর বাসভবনে ছিলেন।
এদিকে নতুন উপাচার্য কে হচ্ছেন এ নিয়ে জল্পনাকল্পনা চলছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি তুহিন ওয়াদুদ বলেন, ‘আমার এতটুকু বলার, তিনি (উপাচার্য) বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদ পূর্ণ করেই চলে গেলেন।’
উপাচার্য এ কে এম নূর-উন-নবী তাঁর চার বছর মেয়াদ শেষ করে চলে যাওয়ার সময় রাতে বলেছেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে ভালো কিছু করার চেষ্টা করেছি।’