মেয়াদ বাড়ে, কাজ শেষ হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>■ কাজ শুরু ২০১৭ সালে
■ ‘বালিশ কেলেঙ্কারি’তে ঠিকাদার কারাগারে
■ দুই দফায় নতুন মেয়াদ ২০১৯ ও ২০২০
■ কাজ শেষ ৮০ শতাংশ

নির্মাণকাজ শুরু ২০১৭ সালের মে মাসে। শেষ হওয়ার কথা ছিল ২০১৮ সালের জুনে। এরপর দুই দফায় দুই বছর করে মেয়াদ বেড়েছে, তবু শেষ হয়নি পাবনার শিল্পকলা একাডেমি ভবন ও মিলনায়তনের নির্মাণকাজ। এতে বিড়ম্বনায় পড়েছে একাডেমির শিক্ষার্থীরা। ভাড়া করা ভবনে গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে তাদের।

প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে জেলা শহরের কাচারিপাড়া মহল্লায় গণপূর্ত বিভাগ চারতলা ভবনটির নির্মাণকাজ শুরু করে। কাজ এগিয়ে নিতে আরও অর্থ বরাদ্দের আবেদন করেছে গণপূর্ত বিভাগ। জানা গেছে, ভবনটির নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে স্বাধীন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মালিক শাহাদত হোসেন। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘বালিশ কেলেঙ্কারি’র ঘটনায় দুদকের করা মামলায় কারাগারে আছেন। বিদ্যুৎকেন্দ্রের মূল ঠিকাদারদেরও একজন শাহাদত হোসেন।

ভবনটিতে একটি মিলনায়তন, প্রশিক্ষণ কক্ষ ও একাডেমির নিজস্ব কার্যালয় থাকবে। গণপূর্ত বিভাগের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দরপত্র প্রক্রিয়া শেষে ২০১৭ সালের মে মাসে জেলা শহরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটির নির্মাণকাজ শুরু করে। নির্মাণের সময় নির্ধারণ ছিল ২০১৮ সালের জুন মাস পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে সময় আরও এক বছর বাড়িয়ে ২০১৯ সালে জুন মাস পর্যন্ত করা হয়। এরপরও নির্মাণ শেষ হয়নি। ফলে দ্বিতীয় দফায় আবার ২০২০ সালে জুন মাস পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।

গত মঙ্গলবার বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোস্তফা কামাল পাবনা সফরে এসে নির্মাণাধীন শিল্পকলা একাডেমি পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কবির মাহামুদ, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা মারুফা মঞ্জুরি খান ও গণপূর্ত বিভাগ জেলা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রবিউল ইসলাম খান।

পরিদর্শন শেষে আবু হেনা মোস্তফা কামাল বলেন, পাবনা সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি জেলা। শুধু মিলনায়তনের অভাবে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকশিত হচ্ছে না। সংগঠনগুলো অনেক কষ্ট করে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। 

সচিব আরও বলেন, ইচ্ছা ছিল নতুন শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাঁকজমকপূর্ণভাবে মুজিব বর্ষ উদ্‌যাপন করা হবে। কিন্তু নির্মাণকাজের ধীরগতি সে ইচ্ছায় ব্যাঘাত তৈরি করেছে। এটা মেনে নেওয়ার মতো নয়। এ সময় নতুন করে বাড়ানো মেয়াদের মধ্যে নির্মাণকাজ শেষ না হলে ঠিকাদার ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সচিব। 

জেলা শিল্পকলা একাডেমি কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলায় শিল্পকলা একাডেমির নিজস্ব কোনো কার্যালয় নেই। জেলা পরিষদের কাছ থেকে মাসে আট হাজার টাকা ভাড়ায় তিনটি কক্ষ নিয়ে কার্যক্রম চলছে। বর্তমানে সংগীত, নৃত্য, নাট্যকলাসহ বেশ কয়েকটি বিভাগে শিক্ষার্থী আছে প্রায় ৩০০ জন। ভাড়া ভবনের তিন কক্ষের একটি দাপ্তরিক কাজে ব্যবহার করা হয়। বাকি দুটিতে চলে প্রশিক্ষণ। মাঝেমধ্যে প্রশিক্ষণের দুই কক্ষের একটি জেলা পরিষদ তাদের নিজস্ব কাজে ব্যবহার করে। এ কারণে অনেক সময় এক কক্ষেই সব বিভাগের প্রশিক্ষণ চালাতে হয়। 

জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা মারুফা মঞ্জুরি খান জানান, দিনে দিনে একাডেমিতে প্রশিক্ষণার্থী বাড়ছে। কক্ষসংকটে মাঝেমধ্যে তাদের উঠানে বসে ক্লাস করাতে হচ্ছে। এ ছাড়া শিল্পকলা একাডেমির নিজস্ব কর্মসূচিও থাকে। মিলনায়তনের অভাবে খোলামাঠে সেসব কর্মসূচি পালন করতে হয়। বিষয়টি বেশ কয়েকবার গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। এরপরও ভবনটির নির্মাণ শেষ হচ্ছে না।

নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক স্বাধীন মজুমদার বলেন, ‘একটি মিলনায়তনের জন্য আমাদের আকুতি বহুদিনের। শেষ পর্যন্ত সেটির নির্মাণকাজ শুরু হলেও শেষ না হওয়াটা কষ্টকর।’ 

এ বিষয়ে জানতে চাইলে গণপূর্ত বিভাগের পাবনা জেলা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রবিউল ইসলাম খান বলেন, ভবনটির কাজ দ্রুত শেষ করতে চেষ্টার কোনো ত্রুটি নেই। প্রায় ৮০ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। বাকি কাজ শেষ করতে বাড়তি বরাদ্দ চাওয়া হয়েছে। মাঝখানে কিছু জটিলতায় কাজে ব্যাঘাত সৃষ্টি হয়েছিল। তবে এবার নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।