মেয়াদ বাড়ে, শেষ হয় না কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। কিন্তু কাজ শেষ হয়েছে মাত্র ৫০ শতাংশ। প্রধানমন্ত্রীর উদ্বোধন করা এই প্রকল্পটি হলো সিরাজগঞ্জের সয়দাবাদ-এনায়েতপুর বাইলেন সড়ক।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্র জানায়, বেলকুচি উপজেলা হয়ে চৌহালী পর্যন্ত এই সড়কের দরপত্র ২০১০ সালে আহ্বান করা হয়। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে দুটি গ্রুপে বিশ কিলোমিটার সড়কের কাজটি পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ২০১১ সালের ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জে সফরে এলে এ কাজ উদ্বোধন করেন। মূল সড়কের পাশে ১০ ফুট প্রশস্ত এই বাইলেন তৈরি করার কথা।
প্রথম ধাপে সড়কের ১০ কিলোমিটার অংশের কাজ শেষ করা হলেও অনেক জায়গায় তা ভেঙে গেছে। ২০১২ সালের জুন মাসের মধ্যে কাজটি শেষ করার কথা ছিল। তিন দফায় মেয়াদ বেড়েছে। কিন্তু সড়কের মাটি ভরাটের কাজই শেষ হয়নি। হাতে সময় আছে আর এক মাস (জুন)। ফলে দুই বছরের প্রকল্প পাঁচ বছরেও শেষ হচ্ছে না নিশ্চিত।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রথম ধাপের কাজের সয়দাবাদ থেকে আমবাড়িয়া পর্যন্ত বিভিন্ন স্থান ভেঙে গেছে। খানাখন্দের সৃষ্টি হয়েছে। মাইঝাইল, সমেশপুর এলাকাসহ বিভিন্ন স্থানে সদ্য কার্পেটিং করা বিটুমিন উঠে গেছে। মাটি ধসে গর্তেরও সৃষ্টি হয়েছে।
দ্বিতীয় ধাপের কাজের পাঁচটি স্থানে রিটেনিং (আরসিসি) দেয়ালের কাজ শুরুই করা হয়নি। এক মাস ধরে মাটি ফেলাও বন্ধ। কিছু জায়গায় ইটের খোয়া বিছিয়ে রাখা হয়েছে, কার্পেটিং করা শুরু হয়নি।
মাইঝাইল গ্রামের মফিজুল ইসলাম ও সারুটিয়া গ্রামের আবুল হোসেন অভিযোগ করেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় সড়ক ভেঙে যাচ্ছে। শুধু মাইঝাইল গ্রামের একই অংশে সাতবার সড়ক ভাঙলেও মেরামত না করায় সড়কের অবস্থা বেশ খারাপ।
সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সৌপ্তিক আহমেদ বলেন, ‘তাঁতশিল্পের ব্যবসা-বাণিজ্য এবং তিনটি উপজেলার যোগাযোগের গুরুত্ব বিবেচনা করে এ প্রকল্প হাতে নেওয়া হয়। শুরুতে ভেবেছিলাম এটি একটি আধুনিক সড়ক হিসেবে পরিচিত হবে। কিন্তু দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় এটি এখন মরণফাঁদ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।’
ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক আবুল বাশার দাবি করেন, ‘নকশা পরিবর্তনের কারণে কাজ বিলম্ব হয়েছে। তা ছাড়া টাকা বরাদ্দ না থাকায় কাজ সুষ্ঠুভাবে করা যায়নি। এখন আবহাওয়া অনুকূলে থাকলে কার্পেটিং করা হবে। ভেঙে যাওয়া জায়গাও মেরামত করে দেওয়া হবে।’ তিনি বলেন, জুন মাসের মধ্যে যতটুকু পারা যায় ততটুকু কাজ করা হবে। পরবর্তী সময়ে কর্তৃপক্ষ মনে করলে নতুন করে দরপত্র আহ্বান করে কাজটি সম্পন্ন করবে।
সিরাজগঞ্জ-৫ বেলকুচি আসনের সংসদ সদস্য আবদুল মজিদ মণ্ডল বলেন, ‘কাজটি কীভাবে কী ধরনের মালামাল দিয়ে করা হচ্ছে তা একমাত্র আল্লাহই জানেন। কাজের মান, গতি নিয়ে একাধিকবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি।’
এই সড়ক নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্য ঠিকাদারকে এ পর্যন্ত ৩০টি চিঠি দেওয়া হয়েছে। অদক্ষতার কারণে তারা কাজ করতে পারছে না। এখনো প্রকল্পের প্রায় ৫০ ভাগ কাজ বাকি। তিনি বলেন, বর্ধিত সময়ের মধ্যেও যে কাজটি শেষ হচ্ছে না তা নিশ্চিত।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। কাজ শেষ না হলে দরপত্রের শর্তভঙ্গের কারণে নিয়মানুযায়ী ঠিকাদারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।