মেয়াদ শেষে জানা গেল পুকুর ইজারা নেওয়া হয়েছিল জালিয়াতি করে
তিন বছর আগে একটি কৃষি সমিতির নামে মাছ চাষের জন্য সাতটি সরকারি পুকুর ইজারা নেওয়া হয়। ইজারার বাকি দুই লাখ টাকা পরিশোধের জন্য সম্প্রতি উপজেলা ভূমি কার্যালয় থেকে ওই সমিতির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এতে অবাক হন সমিতির নেতারা। কারণ, এ ধরনের কোনো পুকুর তাঁরা সমিতির পক্ষ থেকে কখনো ইজারা নেননি। খোঁজ নিয়ে জানতে পারেন, জালিয়াতির মাধ্যমে তাঁদের সমিতির নামেই ওই সাত পুকুরের ইজারা নিয়েছিল একটি চক্র।
ঘটনাটি জয়পুরহাটের কালাই উপজেলায়। কৃষকদের এই সমিতির নাম শাইলগুন দক্ষিণ আ পি এম কৃষি সমবায় সমিতি। ২০১০ সালে এ সমিতি গঠন করা হয়। এতে সভাপতি-সাধারণ সম্পাদক মিলিয়ে সদস্য আছেন ২৫ জন। তাঁরা সবাই কিষান-কিষানি। সমিতির কাজ সদস্যদের কৃষি বিষয়ে বিভিন্ন পরামর্শ ও শিক্ষা দেওয়া।
এ জালিয়াতির ঘটনায় বিপাকে পড়ে সমিতির সভাপতি ফরিদুজ্জামান গত বৃহস্পতিবার কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগ থেকে জানা গেছে, সমিতির নাম ও নিবন্ধন নম্বর ঠিক রেখে শুধু কার্যনির্বাহী কমিটি ও সদস্যদের নাম পরিবর্তন করে বাংলা ১৪২৬ সনে (২০১৯ খ্রিষ্টাব্দ) তিন বছর মেয়াদে সাতটি পুকুর ইজারা নেওয়া হয়। সমিতির কেউই বিষয়টি জানতেন না। সম্প্রতি কালাই উপজেলা ভূমি কার্যালয় থেকে পুকুরগুলোর ইজারা বাবদ ২ লাখ ১২ হাজার টাকা পরিশোধের জন্য সমিতির সভাপতিকে জানানো হয়। এরপর সমিতির সদস্যরা ইজারার কাগজপত্র তুলে জালিয়াতির ঘটনা জানতে পারেন।
সমিতির সভাপতি ফরিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ উপজেলা ভূমি কার্যালয় থেকে আমাকে ফোন করে পুকুরগুলোর ইজারার বকেয়া ২ লাখ ১২ হাজার টাকা জমা দেওয়ার জন্য তাগাদা দেওয়া হয়। প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। পরে ভূমি কার্যালয়ে গিয়ে বিস্তারিত জানতে পারি।’
যে সাত পুকুর ইজারা নেওয়া হয়েছে, সেগুলো হলো বলিগ্রামে ছয় বিঘা আয়তনের খারা পুকুর, একই এলাকার আট বিঘা আয়তনের কাদ্দি পুকুর, সাড়ে ছয় বিঘা আয়তনের নওপুকুর, শাইরগুন গ্রামের সাড়ে চার বিঘা আয়তনের কৈদার পুকুর, একই গ্রামের দুই বিঘা আয়তনের তালেরতর পুকুর, দুই বিঘা আয়তনের মাছরাল পুকুর ও তিন বিঘা আয়তনের ছত্রগ্রামের পুকুর। এর মধ্যে শাইলগুন গ্রামের মাছরাল পুকুরটি রমজান আলী ও কৈদার পুকুরটিতে মাহবুব হোসেন মৎস্য চাষ করেছিলেন।
গত বুধবার দুপুরে বাড়িতে গিয়ে রমজান আলী ও মাহবুব হোসেনকে পাওয়া যায়নি। রমজানের স্ত্রী রোকেয়া খাতুন প্রথম আলোকে বলেন, ‘এটা আমরা ইজারা নিয়েছি।’ কীভাবে পুকুর ইজারা নিয়েছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আমার স্বামী ভালো বলতে পারবেন।’ তবে রমজান আলীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
মাহবুব হোসেন বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুকুরটিতে দুই বছর খয়বর নামে এক ব্যক্তি মৎস্য চাষ করেছিলেন। এরপর তিনি এক বছর ধরে চাষ করেছেন। কালাইয়ের বুলেট নামে এক ব্যক্তির কাছ থেকে এক বছরের জন্য ৫০ হাজার টাকায় ইজারা নিয়েছেন তিনি। বুলেটের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
মাত্রাই ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন প্রথম আলো বলেন, কালাই উপজেলায় একটি শক্তিশালী চক্র আছে। তারাই নামে-বেনামে সমিতির নামে সরকারি পুকুর নামমাত্র টাকায় ইজারা নিয়ে আবার বেশি টাকায় অন্য লোকজনকে ইজারা দিচ্ছে।
কালাই উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউএনও টুকটুক তালুকদার প্রথম আলোকে বলেন, পুকুর ইজারার টাকা বাকি থাকায় তা পরিশোধের জন্য সমিতির কর্তাব্যক্তিদের জানানো হয়। তবে শাইলগুন দক্ষিণ আই পি এম কৃষি সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক দাবি করেছেন, তাঁদের সমিতির নামে জালিয়াতি করে পুকুর ইজারা নেওয়া হয়েছিল। এ ব্যাপরে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।