মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যা, দুজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. তারিখ হোসেন বৃহস্পতিবার বিকেলে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের নূর আমিন ও তাঁর ছেলে মাহবুর ইসলাম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী ও আদালত সূত্রে জানা গেছে, কাউনিয়া উপজেলার জিগাবাড়ি গ্রামের আবুল বাশারতের মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে মাহবুর ইসলাম প্রায়ই উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে আবুল বাশারত বিষয়টি মাহবুরের বাবা নূর আমিনকে জানান। এতে মাহবুর উল্টো ক্ষিপ্ত হয়ে আবুল বাশারতকে হত্যার হুমকি দেন। এর জেরে ২০১৮ সালের ২৫ নভেম্বর আবুল বাশারতের ওপর হামলা হয়। গুরুতর অবস্থায় পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন আবুল বাশারতের মৃত্যু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নয়নুর রহমান বলেন, ঘটনার পর আবুল বাশারতের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে মাহবুর ইসলাম, নূর আমিনসহ সাতজনের বিরুদ্ধে কাউনিয়া থানায় হত্যা মামলা করেন। তবে পুলিশ তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে নূর আমিন ও তাঁর ছেলেকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।