মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে জুতাপেটা করল বখাটে
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার মাকে এক বখাটে জুতাপেটাসহ মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকা থেকে ওই বখাটেকে আটক করেছে পুলিশ। তাঁর নাম ইমন মিয়া (৩৫)।
ইমন জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকার বাসিন্দা। উত্ত্যক্তের শিকার ওই কিশোরী জেলা শহরের একটি বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে।
ওই কিশোরীর পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে আসা–যাওয়ার পথে ওই কিশোরীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ইমন। এর প্রতিবাদ করলে তার পরিবারকে ইমন হুমকি দেন। পরে ওই ছাত্রীর পরিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। কিন্তু কেউ তেমন কোনো ব্যবস্থা নেননি। কোনো উপায় না পেয়ে ওই ছাত্রীর পরিবার ভাড়া বাসা পরিবর্তন করেন। কিন্তু তাতেও লাভ হয়নি। ইমন সেখানেও গিয়ে হাজির হন। বাড়ি থেকে বের হলেই তাকে নানাভাবে উত্ত্যক্ত করেন এবং কিশোরীর পরিবারের সদস্যদের হুমকি দেন।
আজ দুপুরে ওই কিশোরীর মা তাঁদের পুরোনো বাসার এলাকার একটি দোকানে যান। ইমন তাঁকে রাস্তায় পেয়ে জুতাপেটা ও কিলঘুষি মেরে আহত করেন। পরে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি স্থানীয় মাধ্যমে জানতে পারে সদর থানা-পুলিশ। বিকেলে শহরের দক্ষিণ পৈরতলা এলাকার একটি করাতকল থেকে ইমনকে আটক করে পুলিশ।
ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘প্রায় মাসখানেক আগে ওই বখাটের উত্ত্যক্তের ঘটনাটি আমাদের অবহিত করে ওই ছাত্রীর পরিবার। আমি স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানাতে বলেছিলাম। তাই বলে তার মায়ের ওপর হামলা। খুবই জঘন্য একটি ঘটনা ঘটেছে।’
কিশোরীর মা বলেন, ‘দোকান থেকে ফেরার পথে ওই যুবক জুতা দিয়ে আমাকে পিটিয়েছে। আমার মাথা–মুখে কিলঘুষি মেরেছে। ওর অত্যাচারে আমরা কোথাও থাকতে পারছি না। সে দুই দিন বাড়ির বিদ্যুতের সংযোগ ও বেড়া কেটে দিয়েছে। মেয়েটা প্রাইভেট, স্কুল, এমনকি বাড়ির গেটের সামনে গেলেই ওই যুবক পিছু নেয় এবং উত্ত্যক্ত করে। ওর কারণে কেউ বাড়ি থেকে বের হতে পারি না। বাড়ির সবাইকে অত্যাচার করে। সবাইকে মারতে আসে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইমনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।