মেয়ের কান্না শুনে প্রতিবেশীরা এসে দেখেন অন্তঃসত্ত্বার রক্তাক্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া থেকে আজ বৃহস্পতিবার ভোরে শাহিনুর বেগম (৩২) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহিনুর ওই গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী এবং লালপুরের ওয়ালিয়া গ্রামের খলিল শাহের মেয়ে।

বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, শাহিনুর বেগমের স্বামী রাশেদুল ইসলাম তিন দিন আগে ঢাকায় গিয়েছিলেন। গতকাল রাতে শাহিনুর রাতের খাবার খেয়ে দুই বছরের মেয়েকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। দিবাগত তিনটার দিকে ওই মেয়ের কান্নাকাটিতে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। তাঁরা এসে শাহিনুরের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বড়াইগ্রাম থানার পুলিশ ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা মৃতদেহের সুরতহাল করেন।

ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর ভাই নূর ইসলাম বলেন, তাঁর বোনের বিয়ে হয়েছিল ১৮ বছর আগে। বর্তমানে বোন নয় মাসের অন্তঃসত্ত্বা। এ ছাড়া বোনের দুই ছেলে ও এক মেয়ে আছে। খবর পেয়ে তিনি বোনের বাড়িতে এসে বোনের ঘরে মৃতদেহ দেখতে পেয়েছেন। বোনের দুই হাতের রগ কাটা ও গলায় কাটা জখম রয়েছে।

বোনের মৃত্যুর ঘটনায় কাউকে সন্দেহ করছেন কি না, তা জানতে চাইলে নিহত গৃহবধূর ভাই বলেন, সম্প্রতি তাঁর বোন জামাইয়ের পরকীয়ার কথা শুনেছিলেন। ওই নারীকে নিয়ে তিনি তিন দিন আগে ঢাকায় চলে যান। আজ সকালে বোনজামাই বাড়িতে আসেন। তিনি তাঁকে সন্দেহ করছেন বলে জানান।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম বলেন, অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।