মেয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না তাঁর
চাঁদপুরের মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় আনোয়ারা বেগম (৭০) নামের এক নারী নিহত হয়েছেন। এর আগে ওই সড়কে হেঁটে চলার সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে মাটিতে পড়ে গুরুতর আহত হন।
আজ শনিবার দুপুরে উপজেলার সিপাইকান্দি গ্রামের সম্ভুখার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি উপজেলার এনায়েতনগর গ্রামে। সকালে মেয়ের শ্বশুরবাড়ি নগরকান্দি গ্রামে দাওয়াত খেতে গিয়েছিলেন আনোয়ারা। সেখান থেকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন।
আনোয়ারা বেগমের পরিবার সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে আনোয়ারার বাড়ি কাছে। মোটরসাইকেলের ধাক্কায় মাটিতে পড়ে তাঁর মাথা রক্তাক্ত জখম হয়। চিৎকারে আশপাশের লোক ও পরিবারের সদস্যরা ছুটে গিয়ে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ারা বেগম এনায়েতনগর গ্রামের নুরুল হক ব্যাপারীর স্ত্রী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা এ ঘটনায় মামলা করবেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃদ্ধার লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।