মেয়ের বাড়িতে বেড়াতে এসে লাশ হলেন বৃদ্ধ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে মোটরসাইকেলের চাপায় লাশ হয়েছেন এক বৃদ্ধ। গতকাল বুধবার রাতে উপজেলার কানখরদি বাসস্ট্যান্ড এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম শফি উদ্দিন (৭০)। তিনি বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শফি উদ্দিন দুই দিন আগে একই উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। গতকাল বুধবার রাত আটটার দিকে কানখরদি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় এক মোটরসাইকেল আরোহী তাঁকে চাপা দেন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন সাতৈর ইউনিয়নের কেরশাইল গ্রামের মামুন শেখ। ঘটনার পর মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান তিনি।
বোয়ালমারী থানার জয়নগর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা সুব্রত কুমার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাউকে পায়নি। তবে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।