মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় ক্ষমা বিশ্বাস (৪০) নামের এক নারীকে হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এই রায় দেন। এ ছাড়া তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ড পাওয়া ওই যুবকের নাম অজিত বাকচী (৩০)। তিনি মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের খোর্দ্দ দূর্বাশুর গ্রামের রমেশ বাকচীর ছেলে। পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। নিহত ক্ষমা বিশ্বাস একই গ্রামের অরবিন্দ বিশ্বাসের স্ত্রী। মামলায় অন্য আসামি একই ইউনিয়নের দিস্তাইল গ্রামের মৃদুল বিশ্বাসকে খালাস দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১৩ অক্টোবর উপজেলার বহুগ্রাম ইউনিয়নে পূজা শেষে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরছিলেন ক্ষমা বিশ্বাস। পথে আসামি অজিত বাকচী ক্ষমা বিশ্বাসের মেয়ে তপু বিশ্বাসকে অপহরণের উদ্দেশ্যে হাত ধরে টানতে থাকেন। ক্ষমা বিশ্বাস তাঁকে বাধা দেন। তখন অজিত বাকচী ছুরি দিয়ে ক্ষমা বিশ্বাসের বুকে আঘাত করেন। ক্ষমা বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস বাধা দিলে তাঁকেও এলোপাতাড়ি কোপাতে থাকেন। স্বজন ও স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ক্ষমা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য অপু বিশ্বাসকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরদিন ১৪ অক্টোবর নিহতের স্বামী অরবিন্দ বিশ্বাস বাদী হয়ে মুকসুদপুর থানায় দুজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। তদন্তের পর পুলিশ দুই আসামিকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানির পর আজ আদালত এক আসামিকে খালাস দিয়ে প্রধান আসামি অজিত বাকচীকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শহিদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ায় তাঁরা এই রায়ে সন্তুষ্ট। মামলায় অন্য আসামিও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। তাঁরও সাজা হওয়া উচিত ছিল। আসামিপক্ষে আইনজীবী ছিলেন ফজলুল হক খান।