মোংলা ইপিজেডে সুতার গুদামে আগুন
বাগেরহাটের মোংলা ইপিজেডের গুয়াংজু হুয়াস্যাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামের একটি ফ্যাক্টরির গুদামে আগুন লেগেছে। সোমবার ভোর সাড়ে চারটার দিকে মোংলা ইপিজেডের কারখানাটির গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১১ ঘণ্টায়ও আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি।
এ ঘটনায় মোংলা ইপিজেডের ডেপুটি ম্যানেজার মো. জহিরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মাহাবুব আহমেদ ছিদ্দিক বেলা সাড়ে তিনটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কারখানাটিতে ঝুট কাপড় ও চীন থেকে আমদানি করা তুলা দিয়ে সুতা তৈরি করে বিদেশে রপ্তানি করা হতো। সেখানে দেশি-বিদেশি প্রায় ১০০ জন শ্রমিক-কর্মকর্তা কাজ করতেন। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে। তবে এখনো ধোঁয়া আছে। অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে কাজ চলছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. গোলাম সরোয়ার বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে মোংলা ইপিজেডে থাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বাগেরহাট, মোংলা বন্দর কর্তৃপক্ষের ও নৌবাহিনীর চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে, তবে এখনো পুরোপুরি নেভেনি। আমরা এখনো পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছি।’
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, প্রায় ১০০ বাই ৮০ ফুটের গুদামটিতে শত শত কাপড়ের লট। বর্তমানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এখানে পুরোনো কাপড়ের ঝুট দিয়ে প্রথমে তুলা বানানো হয়; সেই তুলা দিয়ে তৈরি করা হয় সুতা। কাপড়ের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
কীভাবে সুতার গুদামে আগুনের সূত্রপাত বা আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনই বলা সম্ভব হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা।