মোংলা পৌর এলাকায় বিধিনিষেধ বাড়ল ১৬ জুন পর্যন্ত
করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা এলাকায় বিধিনিষেধ ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা করোনা মনিটরিং কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এবার বিধিনিষেধ আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলছে প্রশাসন।
৩০ মে থেকে মোংলা পোর্ট পৌরসভাজুড়ে বিশেষ বিধিনিষেধ জারি করে উপজেলা প্রশাসন। ৩০ মে থেকে ৮ জুন পর্যন্ত মোংলা উপজেলায় ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত সময়ে পৌর এলাকায় সব ধরনের গণপরিবহন, শপিং মল, হোটেল, রেস্তোরাঁ, খেয়া পারাপার বন্ধ থাকবে। শুধু জরুরি প্রয়োজনে খাবারের হোটেল থেকে পার্সেল নেওয়া যাবে। কঠোর বিধিনিষেধ প্রতিপালন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি কোস্টগার্ডের সদস্যরা মাঠে থাকবেন। এর আগে বিধিনিষেধ থাকলেও চালু ছিল গণপরিবহন।
৩০ মে থেকে ৮ জুন পর্যন্ত মোংলা উপজেলায় ২৫১ জনের নমুনা পরীক্ষা করে ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, ১৫ দিন ধরে জেলায় করোনার সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে মোংলা পোর্ট পৌরসভায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। ফলে সংক্রমণের হার কমিয়ে আনতে মোংলা পৌরসভায় বিধিনিষেধ কঠোরভাবে পালনের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জেলার সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানতে সতর্ক থাকতে বলা হয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ূন কবির বলেন, বুধবার সকাল পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় বাগেরহাটে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন চারজন। সংক্রমণের হার ৪৪ দশমিক ১৬ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬২। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫১ জন। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬২ জন এবং বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬০ জন।