মোংলার পশুর নদের ডুবোচরে আটকে আছে সারবোঝাই কার্গো
মোংলা সমুদ্রবন্দরের পশুর নদে ‘এমভি দেশবন্ধু’ নামের সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবোচরে আটকে আছে। কার্গোটি ৮৫০ মেট্রিক টন সার (ড্যাপ স্যার) নিয়ে যশোরের নওয়াপাড়া যাচ্ছিল। জাহাজটির তলায় ছিদ্র হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
মোংলা বন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে অন্য একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে ‘এমভি দেশবন্ধু’ নামের সারবোঝাই কার্গোটি ক্ষতিগ্রস্ত হয়। এতে দুর্ঘটনার আশঙ্কায় কার্গোটিকে পশুর নদের চিলা ও কাইনমারীর মাঝামাঝি এলাকায় একটি ডুবোচরে তুলে দেন এর মাস্টার।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নৌপথে চলাচলকারী অপর একটি লাইটার জাহাজের মাস্টার বলেন, মোংলা বন্দরের পশুর চ্যানেলের ওই এলাকায় ড্রেজিং চলেছে। ড্রেজিং করে বালু তুলে ফেলার জন্য বসানোর পাইপকে পাশ কাটাতে গিয়ে রাতের বেলা বেশ কয়েকটি নৌযান একে অপরের সঙ্গে ধাক্কা লাগায়। এতে অন্তত তিনটি নৌযানের কমবেশি ক্ষতি হয়।
ওই মাস্টারের ভাষ্যমতে, ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কায় দেশবন্ধু নামের সারবোঝাই কার্গোটির তলায় ছিদ্র হয়ে যায়। পানি ঢোকায় কার্গো জাহাজটিকে ডুবে যাওয়া থেকে রক্ষায় অন্য দুটি কার্গোর সহায়তায় পাশের একটি চরে তুলে দেওয়া হয়।
এমভি দেশবন্ধু জাহাজটি মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার-১৪ নম্বরে থাকা একটি বিদেশি জাহাজ থেকে সার নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের উদ্দেশে রওনা দেয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, কার্গো জাহাজটিতে ৮৫০ টন ড্যাপ সার আছে। এটি যশোর নওয়াপাড়া যাওয়ার কথা। জাহাজটি ডোবেনি। এটি মাটির ওপরই আছে। হারবার বিভাগ থেকে ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। তিনি জানান, আমদানিকারক ও সংশ্লিষ্টদের সঙ্গে তিনি কথা বলেছেন। তারা প্রথমে সার সরিয়ে নিয়ে জাহাজটি প্রয়োজনীয় মেরামত করে এটিকে সরিয়ে নেবে। কী কারণে এ দুর্ঘটনা, তা জানতে তদন্ত চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।