মোংলায় করোনা রোগীর ৭৫ ভাগই পৌর এলাকার
বাগেরহাটের মোংলায় আজ মঙ্গলবার নতুন করে ৩৩ জনের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ নিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে উপজেলাটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১৪৪। যাঁদের মধ্যে ১০৫ জনই (৭৫ ভাগ) মোংলা পোর্ট পৌরসভা এলাকার। অন্যরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জীবিতেষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৪৪ জনের মধ্যে মারা গেছেন দুজন। সুস্থ হয়েছেন ২৭ জন। মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, উপজেলায় করোনার শনাক্তের হার ৫৫ দশমিক ৯৩ ভাগ।
এদিকে করোনার সংক্রমণ রোধে রোববার থেকে মোংলা পৌর এলাকায় বিশেষ বিধিনিষেধ দেয় উপজেলা প্রশাসন। এর আওতায় পৌরসভার মধ্যে প্রবেশ-বের হওয়া বন্ধ, জরুরি পণ্য ছাড়া সব দোকান বন্ধ রাখা, দেশি-বিদেশি নৌযানে আসা ব্যক্তিদের মোংলায় প্রবেশে নিষেধ করা হয়েছে।
তবে মঙ্গলবার মোংলা শহরে লোকজন ও যানবাহনের চলাচল ছিল আগের দুই দিনের তুলনায় বেশি। কোথাও কোথাও দোকানপাট খোলা রাখতে দেখা গেছে। পৌর শহরের প্রধান কাঁচা, মুদি ও মাছ-মাংসের দোকানের অধিকাংশ লোকজনকে দেখা গেছে মাস্কবিহীন অবস্থায় ঘুরতে।
বিকেলে মোংলায় উপজেলা অফিসার্স ক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, পৌর মেয়র শেখ আবদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী প্রমুখ।
সভা শেষে জেলা প্রশাসক বলেন, পোর্ট এলাকায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা এবং মাস্ক ব্যবহারে অনীহা রয়েছে। এ কারণে আগের তুলনায় সংক্রমণের হার বেড়েছে।
সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, মোংলাতে সংক্রমণের সুনির্দিষ্ট কোনো সোর্স খুঁজে পাওয়া যায়নি। মূলত ৬ দিন আগে থেকে এখানে সংক্রমণ বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে বিধিনিষেধ জারি, চেকপোস্টসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এর মাধ্যমে সংক্রমণ কমবে।