মোংলায় বাড়ছে করোনা রোগী, গড় সংক্রমণ হার ৫৪ শতাংশের ওপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

বাগেরহাটের মোংলা উপজেলায় হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে। এরপরও জনবল–সংকটে সপ্তাহে দুই দিনের বেশি করোনার নমুনা পরীক্ষা হচ্ছিল না। এ অবস্থায় সংকট নিরসনে জরুরি ভিত্তিতে পার্শ্ববর্তী উপজেলা থেকে ল্যাব টেকনিশিয়ান এনে নিয়মিত পরীক্ষার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে কোভিড পরিস্থিতি নিয়ে করণীয় বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময় ও ব্রিফিংয়ে এই তথ্য জানান বাগেরহাটের সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা সুব্রত দাস।

সুব্রত দাস বলেন, মোংলায় ল্যাব টেকনিশিয়ানের শূন্য পদে এরই মধ্যে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে আজ থেকে পার্শ্ববর্তী রামপাল উপজেলার টেকনিশিয়ান মোংলাতে দায়িত্ব পালন শুরু করেছেন। এখন মোংলায় নিয়মিত পরীক্ষা হবে।

গত বছর দেশে করোনার সংক্রমণ শুরুর পর মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত ল্যাব টেকনিশিয়ান চাকরি ছেড়ে চলে যান। এরপর থেকে পদটি শূন্য ছিল। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত ২৬ মে থেকে মোংলা উপজেলায় করোনা শনাক্তের ঊর্ধ্বমুখী হার কমছে না। এই ৯ দিনে মোংলায় করোনার শনাক্তের গড় হার পরীক্ষা করা নমুনার ৫৪ দশমিক ৫৮ শতাংশ। এর মধ্যে ১ দিনে শনাক্তের সর্বোচ্চ হার ছিল ৭০ শতাংশ।

ছয়টি ইউনিয়ন মিলিয়ে পুরো উপজেলায় বিধিনিষেধ বাস্তবায়নে আগামী দু–এক দিনে উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে করণীয় নিয়ে এরই মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সভা হয়েছে।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার প্রথম আলোকে বলেন, ‘সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে রোববার থেকে শুধুমাত্র মোংলা পৌরসভাকে বিধিনিষেধের আওতায় আনা হয়েছিল। এবার আমরা উপজেলার সবগুলো ইউনিয়নকেই বিধিনিষেধের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছি। ছয়টি ইউনিয়ন মিলিয়ে পুরো উপজেলায় বিধিনিষেধ বাস্তবায়নে আগামী দু–এক দিনে উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে করণীয় নিয়ে এরই মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সভা হয়েছে।’

এদিকে মোংলা পৌরসভায় চলমান বিধিনিষেধের পঞ্চম দিনে মোংলা পৌর শহরে যানবাহন ও মানুষের চলাচল বেশি দেখা গেছে। মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি পালনে ঢিলেঢালাভাব লক্ষ করা গেছে। তবে বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছেন ইউএনও।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জীবিতেশ বিশ্বাস বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব টেকনিশিয়ান না থাকায় আমরা এখানকার ওটি অ্যাসিস্ট্যান্ট মহিউদ্দিন খান ও বেসরকারি এনজিও ফ্রেন্ডশিপের ল্যাব টেকনিশিয়ান মো. নাহিদকে দিয়ে করোনার অ্যান্টিজেন পরীক্ষার কাজ চালিয়ে নিচ্ছিলাম। তাঁরা সপ্তাহে দুই দিন পরীক্ষা করতেন। সংক্রমণ বাড়তে থাকায় সিভিল সার্জন রামপালের ল্যাব টেকনিশিয়ান মো. শরিফুলকে এখানে পাঠিয়েছেন। এখন থেকে শুক্রবার বাদে সব কদিন এখানে করোনার পরীক্ষা হবে।’

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের সবশেষ পাওয়া প্রতিবেদনে, গত মঙ্গলবার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়, শনাক্তের হার ৫৫ দশমিক ৯৩ শতাংশ। তার আগে গত শনিবার ৮২ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়, শনাক্তের হার ৩৭ দশমিক ৮ শতাংশ। আর গত বৃহস্পতিবার ২০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়, শনাক্তের হার ৭০ শতাংশ। বর্তমানে ১১৫ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন উপজেলাতে।