মোংলায় বিধিনিষেধ বাড়তে পারে আরও এক সপ্তাহ
করোনা সংক্রমণ বাড়তে থাকায় মোংলা পৌর এলাকার পর এবার পুরো উপজেলাকে বিধিনিষেধের আওতায় আনা হয়েছে। আজ শনিবার থেকে মোংলা উপজেলাজুড়ে বিধিনিষেধ বাস্তবায়ন শুরু করেছে উপজেলা প্রশাসন। এ কাজে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে নেমেছে কোস্টগার্ড।
এদিকে সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়তে পারে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত ৩০ মে মোংলা উপজেলার মোংলা পোর্ট পৌরসভাজুড়ে বিশেষ বিধিনিষেধ ঘোষণা করে উপজেলা প্রশাসন।
প্রাথমিকভাবে আট দিনের জন্য সাত দফা নির্দেশনা দিয়ে জারি করা ওই বিধিনিষেধ শেষ হওয়ার কথা আগামীকাল রোববার।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, মোংলা পৌরসভা এলাকায় সংক্রমণের হার বেশি। সামাজিক সংক্রমণ রোধে তাই পৌরসভা ছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়নকে আজ শনিবার থেকে বিধিনিষেধের আওতায় আনা হয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
এদিকে আজ শনিবার পৌর শহরের প্রবেশমুখে তল্লাশিচৌকি বসিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায় পুলিশকে। বেলা তিনটার পর সব ধরনের দোকানপাট বন্ধ রাখতে মাইকিং করা হয়। বিধিনিষেধ প্রচারের পাশাপাশি কোন কোন উপসর্গ থাকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পরীক্ষা করতে হবে, তার পরামর্শও দেওয়া হয়।
তবে শহরের অলিগলিতে লোকজনের চলাচল ছিল চোখে পড়ার মতো। কাঁচাবাজার ও মুদিদোকানে ভিড় দেখা যায়। মাস্ক থাকলেও অনেকে তা ঝুলিয়ে রেখেছিলেন থুতনির নিচে।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জীবিতেশ বিশ্বাস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শনিবার নতুন করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪৮ জনের মধ্যে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই হিসাবে সংক্রমণ হার শতকরা ৭১ ভাগ। এর আগে গত বৃহস্পতিবার মোংলায় ২৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের সংক্রমণ শনাক্ত হয়।
মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক নূর আলম শেখ বলেন, বন্দর ও ইপিজেডে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কারণে মানুষের যাতায়াত বেশি। বন্দরে আসা বিদেশি জাহাজ, অভ্যন্তরীণ নৌযান ও ইপিজেডের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিধিনিষেধ জারির পর থেকে মোংলা বন্দরের পশুর চ্যানেলে টহল জোরদার করা হয়েছে। নৌ প্রটোকলের আওতায় ভারতে থেকে এখানে লাইটার জাহাজ আসে। দেশি-বিদেশি কোনো কার্গো, লাইটার জাহাজ থেকে কেউ নামতে বা স্থানীয় কেউ যাতে উঠতে না পারে, তা কঠোরভাবে মনিটরিং করে হচ্ছে।