মোংলায় বিশেষ বিধিনিষেধের প্রথম দিনে রাস্তায় লোকজন কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঠোর বিধিনিষেধের প্রথম দিন মোংলা পৌর শহরের রাস্তাঘাট ফাঁকা। রোববার সকালে শাপলা চত্বর মোড়ে
প্রথম আলো

করোনার সংক্রমণ রোধে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় আট দিনের বিশেষ বিধিনিষেধের প্রথম দিন আজ রোববার। সকাল থেকে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, পুলিশ, আনসার, উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অবস্থান। শহরের আটটি প্রবেশপথে বসেছে তল্লাশিচৌকি।

করোনার সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় গতকাল মোংলা উপজেলা প্রশাসন থেকে সাত দফা নির্দেশনা দেওয়া হয়েছে। ২৮ মে ২০ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন এবং ২৯ মে ৪২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে মোংলায়। গেল দুই সপ্তাহ ধরে সেখানে শনাক্তের হার উর্ধ্বমুখী। এর মধ্যে গতকাল রেকর্ডসংখ্যক ৩১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের মাধ্যমে গত ১ মাস ৯ দিনে উপজেলায় ১৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৯ জনের সংক্রমণ ধরা পড়েছে। শনাক্ত রোগীদের অধিকাংশই মোংলা পৌরসভার বাসিন্দা।

বিধিনিষেধের মধ্যে ওষুধ, জরুরি কৃষিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে অবশ্যই সবাইকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নির্দেশনা অমান্য করায় আজ সকালে কয়েকজনকে জরিমানাও করেছে উপজেলা প্রশাসন।

মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক নূর আলম শেখ বলেন, মানুষ বিধিনিষেধ মেনে চলছেন। রাস্তাঘাটে মানুষ আছে, তবে অন্যান্য দিনের চেয়ে কম। সামনের দিনগুলোতেও প্রশাসন এই বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি কমলেশ মজুমদার প্রথম আলোকে বলেন, সম্প্রতি সংক্রমণ বাড়ায় আজ থেকে আগামী ৮ দিনের জন্য বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আদেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদলতে কয়েকজনের জরিমানা হয়েছে।

মোংলা পোর্ট ও ইপিজেডের বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, ‘মোংলা বন্দর এলাকায় বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থাপনা করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। এ ছাড়া ইপিজেড কর্তৃপক্ষ ভেতরের কারখানাগুলোর শ্রমিকদের ডিউটি শিফটিং করে দিচ্ছে।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা পৌরসভায় কয়েকজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে এর সঙ্গে মোংলা বন্দরের কার্যক্রম সম্পর্কিত নয়। বন্দর এলাকায় যাঁরা কাজ করেন, তাঁরা সবাই বন্দরের কর্মচারী। তাঁরা কেউ করোনায় সংক্রমিত নন। স্বাস্থ্যবিধি বজায় রেখেই বন্দরের কার্যক্রম চলবে বলে তিনি জানান।