মোকামে ধানের মজুত বাড়ছে, বিক্রি না থাকায় চিন্তিত কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ভৈরব ধানের মোকামে হাওরাঞ্চল থেকে নদীপথে আসা বোরো ধানের মজুত বাড়ছে। আজ রোববার পর্যন্ত এখানে ৩০ হাজার মণ ধান অবিক্রীত অবস্থায় ছিল। করোনা পরিস্থিতির কারণে মোকাম ক্রেতাশূন্য হয়ে পড়ায় কেনাবেচায় স্থবিরতা দেখা দিয়েছে। এতে একদিকে অবিক্রীত ধানের মজুত বাড়ছে, অন্যদিকে প্রতিদিনই দাম কমছে। বৈরী পরিস্থিতিতে মোকামে ধান পাঠিয়ে দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়ছেন হাওরের কৃষকেরা।

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের খৈয়রপুর-আবদুল্লাহপুর ইউনিয়নের কৃষক শাহাব উদ্দিন। গত বৃহস্পতিবার তিনি তাঁর জমির ৩০ মণ বোরো ধান বিক্রির জন্য ভৈরব মোকামে নিয়ে আসেন। দুপুর পর্যন্ত তিনি কোনো ক্রেতার দেখা পাননি। শাহাব উদ্দিন বলেন, ‘বিআর-২৮ জাতের চাষ করছিলাম। ইনশা আল্লাহ ফলন ভালা হইছে। বাইরের দাওয়াল (শ্রমিক) না আসায় সমস্যা হইছে। পরে এলাকার লোকজন নিয়ে ধান কাটা শেষ করলাম। খোরাকির টেহার লাইগা কিছু ধান লইয়া আইছিলাম। কষ্ট কইরা কাটতে পারলেও এহন দেখছি আসল সমস্যা বেছাতে (বিক্রি)।’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আসা সুরুজ মিয়া নামের আরেক বিক্রেতা হতাশা নিয়ে বলেন, ‘বেছা হইব কইত্তে, কিনার লোক না থাকলে অইব কেমনে? বিআর-২৮ ধানের দর বলেছে প্রতি মণ ৭৩০ টাকা। আগের দিন এই ধান ৭৫০ টাকা মণ বিক্রি হইছে।’

ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার বিআর-২৯ বিক্রি হয়েছে ৬৭০ টাকা এবং মোটা ধান সাড়ে ৫০০ টাকা। অথচ দুই দিন আগেও সব ধরনের ধানের দাম ২০ থেকে ৫০ টাকা করে বেশি ছিল।

হাওর ঘিরে ভৈরবে ধানের মোকাম প্রতিষ্ঠা হয়। সময়ের ব্যবধানে ভৈরব মোকামের জৌলুশ কিছুটা কমে গেছে। তারপরও কিছু অংশের উৎপাদিত ধান ভৈরব মোকামের মাধ্যমে বাজারজাত করা হয়। এ মোকামের প্রধান ক্রেতারা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, চাঁদপুর ও কুমিল্লা জেলার। করোনা পরিস্থিতিতে গণপরিবহনে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় মোকামে নেতিবাচক প্রভাব পড়েছে।

ভৈরব বাজারে ধান, চালের ব্যবসা করেন তোয়াজ্জল হোসেন। তিনি বলছিলেন, কেনা ধান তাঁরাও বিক্রি করতে পারছেন না। বাইরের জেলার ক্রেতারা আসতে পারছেন না বলে মোকামে ধানের জট লেগে আছে। এই অবস্থা চলতে থাকলে দর আরও কমবে এবং ধানও নষ্ট হবে।

বৃহস্পতিবার বাজারে গিয়ে দেখা গেছে, ঘাটে ধানবোঝাই বেশ কয়েকটি নৌকা নোঙর করে আছে। তবে তা নামানো হচ্ছে না। মোকামের লোকজন জানান, এখন প্রতি রাতেই বৃষ্টি হচ্ছে। এতে ধানের বস্তা ভিজে যাচ্ছে। টানা কয়েক দিন বৃষ্টিতে ভিজলে ধানের অঙ্কুরোদ্‌গম হতে পারে। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কথা ভেবে ব্যাপারীরা নৌকা থেকে ধান নামাচ্ছেন না।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা জানালেন, কৃষিপণ্য পরিবহন লকডাউনের আওতায় পড়বে না। তাই চাইলে ব্যবসায়ীরা বাধাহীনভাবে ধান পরিবহন করতে পারেন।

তবে এ বিষয়ে ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হুমায়ুন কবির বললেন, বাজারের সময় নিয়ন্ত্রিত হওয়ার কারণে চালের ওপর বাড়তি চাপ আছে। আবার সরকারের নানা ধরনের খাদ্যসহায়তার মধ্যে চাল গুরুত্ব পাচ্ছে। ফলে নিম্ন আয়ের যেসব মানুষ প্রতিদিন চাল কিনতেন, তাঁরা বাজারমুখী কম হচ্ছেন। এমন পরিস্থিতিতে চাল ও ধানের দাম বাড়ার সম্ভাবনা কম বলাই চলে।