‘মোগো দুইজনরে একলগে নিও, নাইলে দ্যাহনের কেউ থাকপে না’
রাতে আবছা আলোয় চোখে তেমন দেখতে পান না। পাশের দোকানের যতটুকু আলো ফাঁক গলিয়ে হাঁটার পথে এসে পড়েছে, সেই আলোতে জবুথবু হয়ে বসে কচুর লতি বাছতে ব্যস্ত হাসিনা বেগম। এরপর সেগুলো ছোট ছোট করে ভাগা দিচ্ছেন বিক্রির জন্য। সারা দিন এদিক-সেদিক ঘুরে তুলে আনা কচুর লতি, কলমি শাক, থানকুনি পাতা, হেলেঞ্চা শাক ইত্যাদি পলিথিন বিছিয়ে ভাগা দিয়ে তিনি বিক্রি করেন। যেটাই নেওয়া হোক, ১০ টাকা।
হাসিনা বেগম বরিশাল নগরের রাত্রিকালীন বাজার চৌমাথায় শাক-পাতা বিক্রি করে সংসার চালান। আলাপে আলাপে তিনি বলেন, ৪০ বছর আগে ঝালকাঠির নলছিটি উপজেলার ডেবরা গ্রামে তাদের ছোট্ট একটু বসতি। সেটুকু সুগন্ধা নদীতে বিলীন হয়। এর পর থেকে তাঁরা বরিশালে থাকেন। স্বামী মোতালেব হাওলাদার রিকশা মেরামতের কাজ করতেন। ভাড়া বাসায় থাকতেন তখন। বছর সাতেক আগে স্বামী মোতালেব স্ট্রোক করে চলৎশক্তি হারান। আর একমাত্র ছেলে বিয়ে করে থাকেন ঝালকাঠিতে তাঁর শ্বশুরবাড়িতে।
হাসিনা প্রথম দিকে চৌমাথা বাজারে আসতেন কাজের আশায়। দোকানের ফাই-ফরমাস খেটে সামান্য কিছু পেতেন। তা দিয়ে খেয়ে না খেয়ে সংসার চলত। পরে তিনি শুরু করলেন শাক-পাতা কুড়িয়ে বাজারে বিক্রির কাজ। প্রতিদিন সকালে পান্তা খেয়ে বেরিয়ে পড়েন প্লাস্টিকের বস্তা নিয়ে। দুপুরে কোনো কোনো দিন বানরুটি খান। দিনভর শাক-পাতা সংগ্রহ করে সন্ধ্যায় ফেরেন। এরপর সেগুলো নিয়ে যান চৌমাথা বাজারে। যে দিনদুপুরে খেতে পারেন না, সে দিন বাজারে এসে চা-বিস্কুট খান। শাক-পাতা বেচে দিনে তাঁর ১৫০-২০০ টাকা আয় হয়। বেচা-বিক্রি শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত সাড়ে ১১টা। তারপর রান্না করেন, খাওয়ার পর্ব সারেন।
অসুস্থ স্বামীকে নিয়ে হাসিনা বেগম থাকেন সিঅ্যান্ডবি রোডের চৌমাথা পুলের দক্ষিণপারের একটা বাড়িতে। স্থানীয় এক ব্যক্তি তাঁদের বিনা ভাড়ায় থাকতে দিয়েছেন। বাড়িটা দেখাশোনা করেন তাঁরাই। ছোট্ট টিনের ঘরে আছেন ২০ বছর ধরে। তিনি বলেন, যা আয় হয় তার অর্ধেকটা চলে যায় তাদের দুজনের ওষুধ খরচে। বাকিটা দিয়ে কোনোরকমে চলে তাদের দুজনের সংসার।
আরও অসুস্থ হয়ে পড়লে কীভাবে চলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন হাসিনা বেগম। ধরে আসা গলায় তিনি বলেন, ‘আল্লার ধারে সব সোময় কই, মোগো দুইজনরে একলগে নিও। নাইলে তো দ্যাহনের কেউ থাকপে না।’