মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে গেল দ্রুতগতির কাভার্ড ভ্যান
রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগতির এক কাভার্ড ভ্যানের চাকার নিচে পড়েছিলেন মোটরসাইকেল আরোহী আবদুল মালেক মোল্লা (৪৫)। কিন্তু সেই কাভার্ড ভ্যান তখন গতিরোধ না করেই আহত আবদুল মালেককে কিছুদূর টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে তাঁর বাঁ পায়ের নিচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় গতকাল রাতে আবদুল মালেককে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত আবদুল মালেক রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর এলাকার আনসের আলী মোল্লার ছেলে এবং শহরের একটি ইলেকট্রনিকস দোকানের মাঠকর্মী হিসেবে কাজ করতেন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুল বাকেনসহ কয়েকজন জানান, গতকাল দুপুরে তাঁরা সড়কে বিকট শব্দ শুনতে পান। তখনই তাঁরা সড়কে একটি মোটরসাইকেল ও আরোহীকে সড়কে পড়ে থাকতে দেখেন। তাঁরা বলেন, রাজবাড়ীগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান আবদুল মালেকের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় আবদুল মালেকের বাঁ পা কাভার্ড ভ্যানের চাকার নিচে চলে যায়। কিন্তু কাভার্ড ভ্যানটি তখন না থেমে আহত মালেক মোল্লাকে টানতে টানতে কিছুদূর নিয়ে যায়। পরে তাঁর বাঁ পায়ের নিচের অংশ ভেঙে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়।
খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত তাঁকে ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতেই তিনি মারা যান।
গোয়ালন্দ মোড় আহ্লাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, মোটরসাইকেলটি দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। আর কাভার্ড ভ্যানটি রাজবাড়ীর দিকে যাচ্ছিল। মোটরসাইকেল আরোহী হঠাৎ উল্টো পথে মোড় নেওয়ায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত ১০টার দিকে সুরতহাল শেষে পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এদিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে ওই কাভার্ড ভ্যানের চালক পলাতক।