মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল শিশুর, আহত কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মোটরসাইকেল চালাতে গিয়ে এক শিশুর প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার রাতে শাহরাস্তি পৌর শহরের ঠাকুর বাজার এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুটি মারা যায়। এতে গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলচালক কিশোর।

মারা যাওয়া মোটরসাইকেল আরোহী শিশুটির নাম জিহাদ হোসেন (১২)। সে শাহরাস্তি পৌর এলাকার আখন্দ বাড়ির মো. জামাল হোসেনের ছেলে। আহত ওই কিশোরের নাম শাওন (১৪)। সে স্থানীয় গাউছিয়া মার্কেটের কাপড় ব্যবসায়ী খোকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জাহিদ হোসেনকে পেছনে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঠাকুর বাজারের দিকে যাচ্ছিল শাওন। ঠাকুর বাজারের পাশেই সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী জাহিদ ও শাওন আহত হয়। পরে দুজনকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুজনের অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিতে বলেন। কুমিল্লা নেওয়ার পথে জিহাদ মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় শাওনকে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, মোটরসাইকেলটি শাওনের ভাইয়ের। তারা না বুঝে চালাতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় থানায় পুলিশ একটি জিডি করেছে। তবে কোনো মামলা হয়নি।