মোটরসাইকেল চুরির সময় জনতার পিটুনি, হাসপাতালে মৃত্যু
দিনাজপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে জনতার পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার রামডুবি নতুন বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ে পালানোর সময় উত্তেজিত জনতা রবিউলকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত রবিউল ইসলাম ওরফে বাটুল (৪০) খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের বকুলতলা পাড়ার আবদুল কাদেরের ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নতুন বাজার এলাকায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন রবিউল ইসলামকে ধাওয়া দেন। চাকার বাজার এলাকায় তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। সেখানে উত্তেজিত জনতা তাঁকে পিটুনি দেয়। রবিউল গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে। রাত ১০টার দিকে তাঁকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিউলের মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, রবিউল ইসলামকে রাত নয়টায় গুরুতর আহত অবস্থায় চাকার বাজার থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের স্বজনদের ডাকা হয়েছে।
এসআই নুর আলম আরও বলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালিসহ বিভিন্ন থানায় মাদক, চুরি, ছিনতাইসহ ৩৪টির বেশি মামলা চলমান।