মোটরসাইকেল থামানোর সংকেত দেওয়ায় সার্জেন্টকে কিল–ঘুষি, দুই ভাই গ্রেপ্তার
সিলেটের চৌহাট্টা মোড়ে গতকাল শনিবার সকাল থেকে দায়িত্ব পালন করছিলেন নগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন। দুপুর সাড়ে ১২টার দিকে নগরের জিন্দাবাজারের দিক থেকে হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে দুই মোটরসাইকেল আরোহী যুবক যাচ্ছিলেন। তাঁদের থামার সংকেত দেন সার্জেন্ট জসিম।
এতে ক্ষুব্ধ হয়ে ওই দুই যুবক মোটরসাইকেল থামিয়ে সার্জেন্টের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা মোটরসাইকেল থেকে নেমে তেড়ে গিয়ে সার্জেন্টকে কিল–ঘুষি মারেন। এ সময় সঙ্গে থাকা পুলিশ সদস্যরা দুই যুবককে আটক করে কোতোয়ালি থানা-পুলিশকে খবর দেন। কোতোয়ালি থানার একদল পুলিশ দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। আর সার্জেন্ট জসিম উদ্দিনকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আটক দুই যুবক হলেন বাদল চৌধুরী (২৯) ও সৌরভ চৌধুরী (২২)। তাঁরা দুই ভাই। সিলেটের জালালাবাদ থানার টুকেরবাজার পীরপুর গ্রামের সন্তোষ চৌধুরীর ছেলে তাঁরা।
এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সৌরভ চৌধুরী। তাঁর পেছনে বসা ছিলেন বাদল চৌধুরী।মোটরসাইকেলটি নম্বরবিহীন ছিল, সেই সঙ্গে চালক ও আরোহী কারোরই মাথায় হেলমেট ছিল না। তাঁদের থামার সংকেত দিতে ক্ষিপ্ত হয়ে সৌরভ চৌধুরী বাজে আচরণ করেন। মোটরসাইকেল থেকে নেমে দুই ভাই মিলে তাঁকে গালিগালাজ করে রাজনৈতিক প্রভাবশালী নেতাদের কর্মী পরিচয় দেন। একপর্যায়ে আকস্মিকভাবে তেড়ে এসে তাঁকে কিল–ঘুষি দেন এবং পোশাক টেনে ছিঁড়ে ফেলেন তাঁরা। এ সময় সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করেন এবং দুই যুবককে আটক করেন। জসিম উদ্দিন দাবি করেন, দুজনকে আটক করে নিয়ে যাওয়ার পথে আরেক দফা পুলিশের ওপর হামলা চালিয়েছেন। এতে সিলেট কোতোয়ালি থানার কনস্টেবল মোস্তাক আহমদ আহত হয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে মারধরের ঘটনায় দুই ভাইকে আটক করা হয়েছে। তাঁদের নামে কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ এনে লিখিত অভিযোগ দিয়েছেন মোহাম্মদ জসিম উদ্দিন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দুই ভাইকে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।