মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে কিশোরীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পেছন থেকে এক মোটরসাইকেল আরোহীর ধাক্কায় সামনের একটি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে কিশোরীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন নিহত কিশোরীর বাবা ও ভাই।

আজ রোববার সকাল সাড়ে ছয়টায় দিকে উপজেলার ধোপাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া কিশোরীর নাম মেহজাবিন শ্রেয়সী (১৪)। আহত হয়েছেন তার বাবা মহাসিন তালুকদার ও ভাই। তাঁদের বাড়ি তাড়াশ উপজেলার দোবিলা গ্রামে। শ্রেয়সী সিরাজগঞ্জ সরকারি সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

নিহত শ্রেয়সীর চাচাতো ভাই হাসিনুর রহমান বলেন, আজ সকালে তাড়াশ উপজেলা থেকে তাঁর চাচা মহাসিন তালুকদার ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন, ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে পৌঁছালে পেছন থেকে এক মোটরসাইকেল আরোহী তাঁদের ধাক্কা দেন। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় শ্রেয়সী। এতে আহত হয়েছেন তাঁর চাচা ও চাচাতো ভাই।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, মেয়েটির লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত বাবা ও ছেলেকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।