মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায়, গাড়ির চাপায় দুই আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে গিয়েছিলেন বঙ্গবন্ধু সেতু এলাকায়। ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তাঁরা রাস্তায় পড়ে যান। এ সময় একটি গাড়ি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্যজন।

আজ রোববার বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার সরাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কালীহাতির ভাবলা মধ্যপাড়া গ্রামের জামাল সরকারের ছেলে শরীফ সরকার (২৩) ও কচুটি গ্রামের আব্দুস সামাদের মেয়ে মোছা. সাবিনা (২৪)। আহত ব্যক্তি হলেন মো. আশরাফ আলী (২৩)। তিনি ভাবলা গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ওই তিনজন সেতু এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ঘোরার পর তাঁরা এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা রাস্তায় পড়ে যান। এ সময় একটি গাড়ি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী শরীফ ও সাবিনা নিহত হন। চালক আশরাফ আহত হন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, আশরাফকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।