মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল কিশোরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত আলাদিন সায়েম
সংগৃহীত

আলাদিন সায়েম, মো. আকাশ ও মো. হাসিব তিন বন্ধু। এবার তারা একসঙ্গে বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে আজ শুক্রবার সকালে একটি মোটরসাইকেলে ঘুরতে বের হয় তারা। পথে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী গ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় আলাদিনের।

আহত হয়েছে মোটরসাইকেলের অপর দুই আরোহী আকাশ ও হাসিব। আলাদিন মোটরসাইকেলটি চালাচ্ছিল। মানিকদী গ্রামের একটি সেতুর ওপর উঠলে আলাদিন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। আলাদিন ও হাসিব সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়।

নিহত আলাদিন উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের ছুনু মিয়ার ছেলে। আকাশ ও হাসিব একই গ্রামের বাসিন্দা। আহত দুজনের মধ্যে হাসিবকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকাশ স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নেয়।

স্বজন ও স্থানীয় লোকজন জানান, আহত আকাশ ও হাসিব এবং নিহত আলাদিন গোছামারা গ্রামের তাহমিনা মুসলেউদ্দিন উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গত মঙ্গলবার তাদের পরীক্ষা শেষ হয়। এরপর তারা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। পরিবারের সদস্যদের কাছে সে পরিকল্পনার কথা জানিয়েও রেখেছিল।

আজ সকাল ১০টার দিকে তিনজন বাড়ি থেকে বের হয়। বেলা ১১টার দিকে তারা গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকায় জিল্লুর রহমান সেতুতে পৌঁছায়। তারা দীর্ঘ সময় সেতুর ওপরেই মোটরসাইকেল নিয়ে অধিক গতিতে ঘোরাঘুরি করছিল।

একপর্যায়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। তখন আলাদিন ও হাসিব সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় আর আকাশ সড়কের ওপর পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আলাদিন।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলাদিনের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।