মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ হারালেন তরুণ
মেহেরপুরের মুজিবনগর শহীদ স্মৃতি কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন আজগর হোসেন। গতকাল সোমবার রাত নয়টার দিকে হঠাৎ কমপ্লেক্সের প্রধান ফটকের গেটটি বিকট শব্দে নড়ে ওঠে। বাইরে বেরিয়ে আজগর দেখেন একটি মোটরসাইকেল ও রক্তাক্ত অবস্থায় দুই তরুণ পড়ে আছেন।
পরে স্থানীয় লোকজন ওই দুই তরুণকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জানান, ঘটনাস্থলে এক তরুণের মৃত্যু হয়েছে।
নিহত ওই তরুণের নাম চাঁদ মিয়া (১৮)। তিনি সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের আশাদুল মিয়ার ছেলে। এ ঘটনায় আহত রেজাউল ইসলাম (১৮) একই গ্রামের মুসা করিমের ছেলে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিহত তরুণের স্বজনেরা জানান, চাঁদ মিয়া ও তাঁর বন্ধুরা প্রায়ই রাতের বেলায় মোটরসাইকেল নিয়ে টাকার বিনিময়ে প্রতিযোগিতা করতেন। সদর উপজেলার দাড়িয়া বাজার এলাকায় ফারসি আলম নামের একজন ব্যক্তি মোটরসাইকেল প্রতিযোগিতার নামে জুয়া খেলার মূল হোতা। এ খেলায় বিজয়ীকে দুই থেকে তিন হাজার টাকা পুরস্কার দেওয়া হতো। দীর্ঘদিন থেকে রাতের বেলায় মোটরসাইকেল প্রতিযোগিতার নামে জুয়া খেলা চলছে বলে চাঁদ মিয়ার পরিবারের অভিযোগ। গত রাতেও চাঁদ মিয়া মোটরসাইকেল রেস (প্রতিযোগিতা) করতে গিয়েছিল বলে জানান তাঁর পরিবারের সদস্যরা।
এদিকে ঘটনার পর থেকেই ফারসি আলম গা ঢাকা দিয়েছেন। তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাশেম বলেন, আজ সকালে ময়নাতদন্ত শেষে চাঁদ মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সদর থানাতেও বিষয়টি অবহিত করা হয়েছে। মোটরসাইকেল রেসের নামে জুয়া খেলা বন্ধে পুলিশ কঠোর ভূমিকা নেবে বলে জানান তিনি।