মোটরসাইকেলচাপায় পথচারী নিহত, ছিটকে পড়ে আরোহীও প্রাণ হারালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সড়ক পার হচ্ছিলেন এক বৃদ্ধা। হঠাৎ একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁর ওপরে উঠে যায়। ঘটনাস্থলে মারা যান তিনি। এ সময় হঠাৎ ব্রেক কষলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহীও মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলের আহত চালককে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরা উপজেলার সাকিম আলী চৌকিদারকান্দি এলাকায় আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত দুজন হলেন বনাই বিবি (৯০) ও ইয়াকুব ব্যাপারী (৫৬)। তাঁদের মধ্যে বনাই বিবি জাজিরার সাকিম আলী চৌকিদারকান্দি গ্রামের সামি খালাসির স্ত্রী। আর ইয়াকুব ব্যাপারী মাদারীপুরের কালকিনি উপজেলার কালাই সরদারকান্দি গ্রামের মহিউদ্দিন ব্যাপারীর ছেলে।

জাজিরা থানার পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, শনিবার ইয়াকুব ব্যাপারী শরীয়তপুর হয়ে সড়ক পথে ঢাকা যাচ্ছিলেন। তিনি মোটরসাইকেল ভাড়া করে শরীয়তপুর শহর থেকে মাঝিরঘাট যাচ্ছিলেন। পথে তাঁদের মোটরসাইকেল জাজিরা উপজেলার সাকিম আলী চৌকিদারকান্দি এলাকা অতিক্রম করছিল। এ সময় পথচারী বনাই বিবির ওপর চালক মোটরসাইকেলটি তুলে দেন।

অন্যদিকে হঠাৎ ব্রেক কষলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ইয়াকুব ব্যাপারী। মাথায় ব্যথা লেগে তিনিও ঘটনাস্থলে মারা যান। আহত হন মোটরসাইকেলের চালক।

জাজিরা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল আমিন বলেন, মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট ছিল না বলে তাঁরা জানতে পেরেছেন। সড়ক দুর্ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি, তাই কোনো মামলা হয়নি। নিহত দুজনের লাশ তাঁদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাঁকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর নাম-পরিচয় কিছু জানা যায়নি।