মোটরসাইকেলে ওভারটেক করায় ২ পুলিশকে পেটালেন দুই তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলায় আহত কনস্টেবল সেলিম হোসেন ও হাসিবুর রহমান। আজ দুপুরে নাটোর সদর হাসপাতালে
ছবি: প্রথম আলো

সাদাপোশাকে দুই পুলিশ সদস্য মোটরসাইকেলে করে যাওয়ায় সময় অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করেন। এতে ক্ষিপ্ত হয়ে অপর মোটরসাইকেলে থাকা দুই তরুণ তাঁদের বেধড়ক মারধর করে রক্তাক্ত করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের হাসপাতাল সড়কের হেমাঙ্গিনী সেতুতে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যের মধ্যে একজনকে জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে দুই হামলাকারীকে আটক করেছে। তাঁরা হলেন জাকির হোসেন (২৫) ও সাগর প্রামাণিক (২৭)। জাকিরের বাড়ি নাটোর শহরের কান্দিভিটুয়া এবং সাগরের বাড়ি শহরের আলাইপুরে।

আহত দুই পুলিশ সদস্য হলেন সেলিম হোসেন (২৫) ও হাসিবুর রহমান (২৮)। সেলিম হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল সেলিম হোসেন ও হাসিবুর রহমান সাদাপোশাকে মোটরসাইকেল নিয়ে সদর হাসপাতালের দিকে যাচ্ছিলেন। হেমাঙ্গিনী সেতু অতিক্রম করার সময় যানজট লাগে। এ সময় পাশের একটি মোটরসাইকেলকে পাশ কাটিয়ে তাঁরা সামনে চলে যান। এতে ওই মোটরসাইকেলে থাকা জাকির ও সাগর তাঁদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এটা নিয়ে তর্কের একপর্যায়ে ওই তরুণেরা তাঁদের বেধড়ক মারধর করেন। এতে তাঁদের পরনের পোশাক ছিঁড়ে যায় এবং আঘাতে কপাল ও মাথা দিয়ে রক্ত ঝরতে থাকে। এ সময় তাঁরা নিজেদের পরিচয় দেওয়ার পরও তরুণেরা মারধর করেই যাচ্ছিলেন। পরে আরও পুলিশ সদস্য এগিয়ে এলে ওই দুই তরুণ পালানোর চেষ্টা করেন। তবে এর আগেই পুলিশ সদস্যরা তাঁদের আটক করেন। এ ঘটনায় জাকির ও সাগর সামান্য আহত হয়েছেন। পরে চারজনকেই নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কনস্টেবল সেলিম হোসেনের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার সোহেল রানা বলেন, সাইড দেওয়ার মতো সামান্য ঘটনা নিয়ে দুই পুলিশ সদস্যকে রক্তাক্ত করেছেন ওই দুই তরুণ। এ সময় তাঁরা নিজেদের পরিচয় দিলেও তরুণেরা মারধর করেই যাচ্ছিলেন।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, হামলাকারী দুই তরুণ পেশাদার সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কয়েক দিন আগে তাঁরা কারাগার থেকে বেরিয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আহত এক কনস্টেবলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।