মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে প্রাণ হারালেন গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চাঁদপুরে স্বামীর মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।

ওই গৃহবধূর নাম আসমা আক্তার (২৭)। তিনি সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া শ্রীরামপুর সবুজ ভূঁইয়ার স্ত্রী ও হাইমচর আলগী বাজারের মোস্তফা পাটোয়ারীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে সবুজ ভূঁইয়া তাঁর স্ত্রী আসমা ও পাঁচ বছরের ছেলে আল আমিনকে নিয়ে লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি হাইমচরের আলগী বাজারে যাচ্ছিলেন। চান্দ্রা চৌরাস্তা এলাকায় পৌঁছানোর পর আসমার পরনের বোরকা মোটরসাইকেলের পেছনের চাকায় আটকে যায়। এতে আসমা সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে আসমার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় আসমার মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ বলেন, নিহত ব্যক্তির স্বামী ও ছেলে অক্ষত আছেন। পরিবারের আবেদনের ভিত্তিতে গতকাল রাতে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।