মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে ফেনসিডিল উদ্ধার

উদ্ধার হওয়া মোটরসাইকেল ও ফেনসিডিল
ছবি: প্রথম আলো

নাটোরে একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব। গতকাল বুধবার মধ্যরাতে শহরের মাদ্রাসা মোড় থেকে মোটরসাইকেলটি আটক করা হয়। এ ঘটনায় ওই মোটরসাইকেলের দুই আরোহীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার দুজন হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পাকপাড়ার মামুনুর সরকার (২৯) ও বড় মাগুড়ার মঞ্জুরুল হাসান (৪৮)। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের নাটোর সদর আমলি আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নাটোর র‌্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে ১৫০ সিসির একটি লাল রঙের মোটরসাইকেল নিয়ে দুজন মাদ্রাসা মোড়ে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‌্যাব সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁদের শরীর তল্লাশি করে অবৈধ কিছু পাওয়া যায়নি। এরপর তাঁদের মোটরসাইকেল তল্লাশি শুরু করলে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁদের কাছ থেকে চাবি নিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংক খুলে দেখা যায়, সেখানে বিশেষ কায়দায় ফেনসিডিলের বোতল রাখা। এরপর তাঁরা ফেনসিডিল ব্যবসার কথা স্বীকার করেন। পরে তাঁদের ফেনসিডিলসহ সদর থানায় সোপর্দ করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য তাঁরা মোটরসাইকেলের তেলের ট্যাংকে কৌশলে ফেনসিডিল রেখেছিলেন।