মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সড়কের পাশে দাঁড়ানো নারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামে একটি মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে পিরোজপুর-চরখালী সড়কের পাশের জি হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম রাবেয়া খাতুন (৫০)। তিনি শংকরপাশা গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে রাবেয়া খাতুন সড়কের পাশে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই নারীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।