মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই বন্ধুর মৃত্যু
মাদারীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আশিক মিয়া (২৫) ও শাহাদাৎ হোসেন (২৮)। আশিক মেহেরপুর জেলার নিরবউদ্দিনের ছেলে। শাহাদাৎ হোসেনের বাড়িও মেহেরপুরে। তাঁর বাবার নাম আরিফ হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধু শাহাদাৎকে সঙ্গে নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা ভ্রমণ শেষে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি মেহেরপুরে ফিরছিলেন আশিক। শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আশিক। গুরুতর আহত অবস্থা শাহাদাৎ হোসেনকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে মৃত্যু হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।