মোরেলগঞ্জে ছোলা মজুত রাখায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা
বাগেরহাটের মোরেলগঞ্জের একটি গুদামে ছোলা মজুত রাখা, মজুত করা পণ্যের ক্রয় রশিদ, মূল্যতালিকা সংরক্ষণ না করাসহ একাধিক অভিযোগে এক ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম এ অর্থদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওই ব্যবসায়ীর নাম মো. ইয়াসিন শেখ। তিনি স্থানীয় ফারজানা স্টোরের স্বত্বাধিকারী। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ওই দোকানে ২ হাজার ৬২৫ কেজি ছোলা মজুত করা হয়েছিল। অভিযানে তাঁকে অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, মজুদ করা পণ্যের ক্রয় রশিদ না থাকা, মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং প্লাস্টিকের ২০০টি বস্তায় চাল রাখার দায়ে দোকানমালিককে কৃষি বিপণন আইনে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।