মোহনপুরে ছুরিকাহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার চকবিরহী গ্রামের মোড়ে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলীকে (৬৫) ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
নিহত মোহাম্মদ আলী উপজেলার জাহানাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য এবং চকবিরহী গ্রামের উজাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কীটনাশকের দোকানে মোহনপুর উপজেলার চকবিরহী গ্রামের আবদুল মতিনের সঙ্গে পানের বরজে বিষ দেওয়া নিয়ে মোহাম্মদ আলীর গন্ডগোল হয়। ওই দিন রাত আটটার দিকে মোহাম্মদ আলী চকবিরহী গ্রামের মোড়ে বসে ছিলেন। ওই সময় আবদুল মতিন ধারালো ছুরি নিয়ে প্রথমে মোহাম্মদ আলীকে আঘাত করেন।

মোহাম্মদ আলীর ছেলে জুয়েল রানা এগিয়ে গেলে তাঁকেও ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে বাবা ও ছেলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আট সকালে চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মোহনপুর থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় অভিযোগ দেওয়া হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রয়েছে।