মোড়ে মোড়ে পুলিশ, ঘরেই থাকছেন রোহিঙ্গারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঠোর লকডাউনে ফাঁকা সড়ক, দোকানপাট বন্ধ। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে
প্রথম আলো

কক্সবাজার শহর থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণে উখিয়ার কুতুপালং বাজার। সেখান থেকে পশ্চিম দিকে তিন-চার কিলোমিটার গেলে কুতুপালং ডি-৫ রোহিঙ্গা শিবির। এই শিবিরে অন্তত ৬০ হাজার রোহিঙ্গার বসতি।

কঠোর লকডাউনের দ্বিতীয় দিন আজ শুক্রবার সকালে দেখা যায়, শিবিরের ভেতরের সড়কগুলোও লোকশূন্য। দোকানপাট, হাটবাজারও বন্ধ। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এডিবিএন) সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে করোনা সংক্রমণ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন। রোহিঙ্গারা একরকম ঘরে বসেই পার করছেন সরকারের জারি করা সাত দিনের কঠোর লকডাউন। ডি-৫ শিবিরের দক্ষিণে কিছুদূর গেলে ৯ নম্বর পাহাড় ক্যাম্প এলাকা। এই পাহাড়ের ওপর-নিচে ও ঢালুতে কয়েক শ রোহিঙ্গা বসতি। শিবিরের অলিগলিতে কিছু ছেলেমেয়ে খেলাধুলায় ব্যস্ত, কিন্তু সেখানে বয়স্ক নারী-পুরুষের উপস্থিতি চোখে পড়েনি।

এই পাহাড়ের ঢালুতে পলিথিন আর বাঁশের তৈরি ছোট্ট ঝুপড়িঘরে বসত করছেন মিয়ানমারের রাখাইন রাজ্যের বলীবাজার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সব্বির আহমদ (৫০)। স্ত্রী ও দুই মেয়েকে সঙ্গে নিয়ে তিনি ঘরের মেঝেতে বসে লুডু খেলছেন। লকডাউন প্রসঙ্গে সব্বির আহমদ বলেন, দুই দিন ধরে তাঁরা ঘরবন্দী জীবন কাটাচ্ছেন। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের টহল। ক্যাম্পের প্রবেশমুখেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক তল্লাশিচৌকি। ঝুপড়ি থেকে রাস্তায় বেরোনো যাচ্ছে না। রাস্তায় গেলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখে পড়তে হয়। এবারের লকডাউন বেশি কঠোর হচ্ছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যের বলীবাজার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সব্বির আহমদ (৫০) বলেন, দুই দিন ধরে তাঁরা ঘরবন্দী জীবন কাটাচ্ছেন। রাস্তায় গেলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখে পড়তে হয়। এবারের লকডাউন বেশি কঠোর হচ্ছে।

এখান থেকে পশ্চিম দিকে আরও পাঁচ কিলোমিটার গেলে সামনে পড়ে মধুরছড়া আশ্রয়শিবির। এই শিবিরেও অন্তত ৮০ হাজার রোহিঙ্গার বসতি। শিবিরের রোহিঙ্গা সাইফুল ইসলাম (৪৮) বলেন, গত মে মাসে উখিয়ার চারটি ক্যাম্পে দুই দফা লকডাউন হয়েছিল, কিন্তু সে তুলনায় এবারের লকডাউন কঠোর হচ্ছে। আগের লকডাউনের সময় রোহিঙ্গা মাঝিদের (রোহিঙ্গা নেতা) কাজে লাগানো হয়নি। এবার মাঝিদের নেতৃত্বে রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে করোনা সংক্রমণের বিষয়ে রোহিঙ্গা নারী-পুরুষদের সচেতন করছেন। করোনামুক্ত থাকতে রোহিঙ্গারাও ঘরেই অন্তত সাতটা দিন কাটানোর চেষ্টা করছেন। যদিও নানা সংকট রয়েছে।

আরও কয়েকজন রোহিঙ্গা বলেন, আগে ক্যাম্প থেকে বেরিয়ে শত শত রোহিঙ্গা উখিয়া, টেকনাফ ও কক্সবাজার শহরে যাতায়াত করার সুযোগ পেয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন কঠোর ছিল না। এখন ঘর থেকে বেরোলেই জেরার মুখে পড়তে হচ্ছে। তা ছাড়া ক্যাম্পের বাইরে কাঁটাতারের বেড়ার কাছেও এখন নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কঠোর লকডাউনের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শিবিরগুলোতে প্রবেশের প্রধান ফটকগুলোতে পাহারা বসিয়েছে এপিবিএন। শিবিরের অভ্যন্তরে রাস্তাগুলোতে লাল নিশানা টাঙিয়ে টিয়ে চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। শিবিরের কয়েক হাজার দোকানপাট, হাটবাজার বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন অলিগলি, সড়কের ওপর রোহিঙ্গাদের সমাগম ও আড্ডা বন্ধ করতে তৎপরতা চালাচ্ছে পুলিশ। জরুরি সেবা (স্বাস্থ্য, খাদ্য, পানি ও স্যানিটেশন) ছাড়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সেবার সব কার্যক্রম সীমিত রাখা হয়েছে। বিধিনিষেধ মেনে চলতে সেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট দেশি-বিদেশি সব সংস্থাকে লিখিতভাবে জানানো হয়েছে।

কঠোর লকডাউনে ফাঁকা সড়কে টহলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে
প্রথম আলো

২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার নির্যাতনের মুখে অন্তত আট লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে পালিয়ে এসেছিল আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

উখিয়ার বালুখালী, জুমশিয়া, লম্বাশিয়া, টেকনাফের জাদিমুরা, নয়াপাড়া, শালবন শিবিরে প্রবেশের ছয়-সাতটি অংশে ব্যারিকেড দিয়ে পাহারা বসিয়েছে এপিবিএন। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, রোহিঙ্গা শিবিরে করোনা সংক্রমণ যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে বিষয় মাথায় রেখে সেখানে কঠোর লকডাউন কার্যকর করা হচ্ছে। গত মে মাসে উখিয়া ও টেকনাফের পাঁচটি শিবিরে লকডাউন এবং অপর ২৯টি শিবিরে বিধিনিষেধ কঠোরভাবে আরোপ করা হয়েছিল। এর ফলে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসে। এখন সাত দিনের কঠিন লকডাউন বাস্তবায়নের মাধ্যমে সংক্রমণ আরও কমিয়ে আনার চেষ্টা চলছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ৩০ জুন পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৪৮ হাজার ৫১৮ জন রোহিঙ্গার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ১ হাজার ৭১৯ জন। এর মধ্যে উখিয়ার ক্যাম্পে পজিটিভ হয়েছেন ১ হাজার ৫০৯ জন এবং টেকনাফের ক্যাম্পে পজিটিভ হয়েছেন ২৯০ জন। করোনায় মারা গেছেন ১৮ জন রোহিঙ্গা। ক্যাম্পের বিভিন্ন আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন আরও ২৪২ রোহিঙ্গা।