মৌলভীবাজার সদর হাসপাতালের দুই চিকিৎসকসহ আরও আটজন করোনায় আক্রান্ত

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের দুজন চিকিৎসক, পাঁচজন নার্সসহ আরও আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার রাতে সিলেটের ল্যাবরেটরি থেকে তাঁদের করোনা ‘পজিটিভ’ বলে জানানো হয়। এ নিয়ে এই হাসপাতালের চিকিৎসক, নার্সসহ ২১ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন। আজ বৃহস্পতিবার সিভিল সার্জন তউহীদ আহমদ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় ও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর হাসপাতালের দুজন চিকিৎসক, পাঁচজন নার্স ও একজন ওয়ার্ড বয় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ৫ মে তাঁদের নমুনা পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। এ নিয়ে ৩ মে থেকে এ পর্যন্ত এই হাসপাতালের ঊর্ধ্বতন চিকিৎসা কর্মকর্তা, চিকিৎসক, নার্সসহ মোট ২১ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন চিকিৎসক ও সাতজন নার্স রয়েছেন। সারা জেলায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হওয়ায় ৭ মে থেকে হাসপাতালের কার্যক্রম সীমিত করা হয়েছে। হাসপাতালের বহির্বিভাগ, অভ্যন্তরীণ বিভাগ এবং অস্ত্রোপচার বন্ধ রাখা হয়েছে। তবে এই সময়ে জরুরি বিভাগ, আইসোলেশন ইউনিট ও ডায়ালেসিস সেবা চালু রাখা হয়েছে।
এ বিষয়ে সিভিল সার্জন তউহীদ আহমদ প্রথম আলোকে বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কার্যক্রম কিছু বাড়ানোর কথা চিন্তা-ভাবনা করা হচ্ছিল। এর মধ্যে নতুন করে আটজনের নমুনা পরীক্ষার ফল করোনা ‘পজিটিভ’ এসেছে। আরও কিছু নমুনার রিপোর্ট আসবে। পরবর্তী রিপোর্ট দেখে হাসপাতালের কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।