মৌলভীবাজারে আইসোলেশনে মারা যাওয়া নারীর করোনা ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারী করোনায় আক্রান্ত ছিলেন না। গতকাল রোববার রাতে সিলেট থেকে তাঁর নমুনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে। সদর হাসপাতালের আরএমও আহমেদ ফয়সল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল তিনি মারা যান। এর আগের দিন ২৪ এপ্রিল তাঁকে হাসপাতালে নিয়ে আসা হলে শ্বাসকষ্ট থাকায় তাঁকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তাঁর বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

ওই নারীর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত্যুর তিন দিন আগে থেকে তাঁর বমির সমস্যা দেখা দেয়। ২৪ এপ্রিল হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের লোকজন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়। শ্বাসকষ্ট থাকায় তাঁকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তাঁর পরিবারের লোকজন জানিয়েছিলেন, এর আগে তাঁর শ্বাসকষ্টের কোনো সমস্যা ছিল না। ওই নারীর মৃত্যুর পর স্থানীয় প্রশাসন তাঁর পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়। মারা যাওয়ার পর তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না, তা পরীক্ষা করার জন্য তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে সিলেটের ল্যাবে পাঠানো হয়।

এ বিষয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহমেদ ফয়সল জামান আজ সোমবার প্রথম আলোকে বলেন, নমুনা পরীক্ষায় কারও ফলাফল ‘পজিটিভ’ হলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হয়। যেহেতু অনেকগুলো নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়, সেহেতু ফলাফল ‘নেগেটিভ’ হলে তার কাগজপত্র পাঠাতে দেরি হয়। শ্রীমঙ্গলের ওই নারীর নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।