মৌলভীবাজারে কর্মকর্তাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় নির্বাচন নিয়ে সিলেট বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ রোববার দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এই মতবিনিময় হয়।

প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময়। সার্কিট হাউস, মৌলভীবাজার, ২৯ আগস্ট দুপুর
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের পরিবেশ আছে। নির্বাচন করা হবে। আগামী ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সভা আছে। সভায় নির্বাচনের তারিখ জানা যাবে। প্রথমে স্থগিত ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার নির্বাচন হবে। পরে পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ প্রতিষ্ঠানের নির্বাচন হবে। মাঠপর্যায়ে নির্বাচনের প্রস্তুতি ও কমিশনের করণীয় বিষয়ে খোঁজখবর নিতেই এ মতবিনিময় সভা। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম, সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুকুর মাহমুদ মিয়া, মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার, হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুল ইসলাম প্রমুখ।
মোহাম্মদ আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘আসন্ন স্থানীয় নির্বাচন ও ইভিএম পদ্ধতি ব্যবহারের বিষয় নিয়ে সিলেট অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় হয়েছে।’