মৌলভীবাজারে খাসিপুঞ্জিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাসিপুঞ্জিতে হামলার প্রতিবাদে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো

মৌলভীবাজারে খাসিপুঞ্জিতে হামলা, পুঞ্জির পানগাছ কাটা ও পুঞ্জিবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। মানববন্ধন থেকে সব ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ঐতিহ্যগত ভূমির মালিকানা ও শান্তিপূর্ণ ভোগদখল নিশ্চিত করাসহ ৯টি দাবি জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন করা হয়েছে। এতে ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠনসহ জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধন শেষে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা, জীবন-জীবিকা সুরক্ষা ও দাবিগুলো বাস্তবায়নে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সহসভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস। আইনজীবী আবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ, বাসদ মৌলভীবাজার জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য মঈনুর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান, লক্ষ্মীপুর মিশনের পাল পুরোহিত ফাদার যোসেফ গোমেজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক রাধাপদ দেব, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমী, খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং, যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইক, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মা, বাপা মৌলভীবাজার শাখার সমন্বয়ক আ স ম সালেহ, প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক মহিদুর রহমান, লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কাজী শামসুল হক, কবি জাবেদ ভূঁইয়া, খাসি স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি জনি লাংবাং, খাসি সেবা সংঘ সিলেটের সাধারণ সম্পাদক নিউয়েল নায়াং, শ্রীচুক গারো যুব সংস্থার প্রতিনিধি আশীষ ডিও, বাংলাদেশ গারো ছাত্র সংস্থার সভাপতি তমাল আজিম, আইনজীবী বিমল এলগিরি, করোনামুক্ত শ্রীমঙ্গল চাইয়ের সংগঠক প্রীতম দাশ, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি পিনাক দেব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহসভাপতি বিশ্বজিৎ নন্দী, আদিবাসী নেত্রী মনিকা খংলা, মানবাধিকারকর্মী হেলেনা হীরামন তালাং প্রমুখ।

অন্যান্য দাবির মধ্যে আছে অবিলম্বে খাসিপুঞ্জি দখল অপচেষ্টার সঙ্গে জড়িত অসাধু মুড়ইছড়া বিট কর্মকর্তাকে অপসারণ, কথিত উপকারভোগী দখলবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা, বেলুয়া পানপুঞ্জির পানগাছ কাটার সঙ্গে জড়িতদের তদন্তপূর্বক সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে ক্ষতিপূরণ, পানপুঞ্জির বাসিন্দাদের ওপর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার, কুলাউড়া উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় বন বিভাগের সঙ্গে কথিত উপকারভোগী ব্যক্তিদের সামাজিক বনায়নের চুক্তি বাতিল, ডলুছড়াসহ বিভিন্ন পানপুঞ্জি ও প্রাকৃতিক বন সামাজিক বনায়নের নামে দখল ও নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র বন্ধ করা, ডলুছড়া পুঞ্জির খাসিদের পক্ষে প্রদত্ত দেওয়ানি আদালতের রায় ও আদেশ পরিপূর্ণভাবে কার্যকর করা, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ২৫টি পানপুঞ্জির খাসি ও মান্দিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও তাদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা।

বক্তারা বলেন, কিছু স্বার্থান্বেষী মহলের কারণে আজ বিভিন্ন পানপুঞ্জির খাসি ও গারো সম্প্রদায়ের লোকজন আতঙ্কে দিনযাপন করছে। একটি স্বাধীন দেশে এটা হওয়ার কথা নয়। যে দেশ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে নিজের জাতিসত্তার মর্যাদা অর্জন করেছে, দুনিয়ার বুকে মাথা তুলে দাঁড়িয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কালে সেই দেশের ক্ষুদ্র জাতিসত্তার মানুষ কেন আতঙ্কে থাকবে, ভয়ে থাকবে? নিরাপদে পথ চলতে পারবে না? পথে আক্রান্ত হবে? তাদের জীবিকার ফসল ধ্বংস হবে? তাদের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এটা এক দিনের ঘটনা নয়। মাঝেমধ্যেই এ রকম ঘটনা ঘটছে। এই অমানবিকতা যেকোনো উপায়ে বন্ধ করতে হবে। তাদের ভূমির নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে। প্রকৃতির এই সন্তানদের শান্তিতে জীবন যাপন করতে দিতে হবে।