মৌলভীবাজারে গাড়িচাপায় একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মৌলভীবাজার শহরে গাড়িচাপায় অঞ্জনা (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে শহরের মনু সেতুর দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কোনো যানবাহনের চাপায় তিনি মারা গেছেন।

মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকাতে থাকতেন অঞ্জনা। তাঁর আগের নাম ছিল আলমগীর। তাঁর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাথা থেঁতলানো অবস্থায় সড়কের ওপর একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অঞ্জনার লাশ উদ্ধার করে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগে তিনি মনু সেতুর কাছে দুজনকে বসে থাকতে দেখেছেন। পরে তিনি ওই দুর্ঘটনার খবর পান।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, দ্রুত রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির মাথা থেঁতলে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।