মৌলভীবাজারে চাঁপাইনবাবগঞ্জফেরত আরও ১৭ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

মৌলভীবাজারে নতুন করে ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১৭ জন চাঁপাইনবাবগঞ্জফেরত। আজ বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে জেলার শ্রীমঙ্গলে চাঁপাইনবাবগঞ্জফেরত ১২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় চাঁপাইনবাবগঞ্জফেরত ২৯ জনের করোনা শনাক্ত হলো। এ ছাড়া তাঁদের সংস্পর্শে আসা স্থানীয় আরও ছয়জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

স্থাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জফেরত যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, ব্যবসা বা কাজের সূত্রে তাঁরা মৌলভীবাজারে থাকেন। ঈদে তাঁরা চাঁপাইনবাবগঞ্জে গ্রামের বাড়িতে গিয়েছিলেন।

আজ সন্ধ্যায় জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ প্রথম আলোকে বলেন, আজকে চাঁপাইনবাবগঞ্জফেরত ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁরা সবাই মৌলভীবাজার পৌরসভার বড়কাপন এলাকায় থাকেন। এখান থেকে ৬৩ জনের নমুনা নেওয়া হয়েছিল। এ ছাড়া শ্রীমঙ্গলে চাঁপাইনবাবগঞ্জফেরত ব্যক্তিদের সংস্পর্শে আসা আরও চারজনের করোনা পজিটিভ হয়েছে। এর আগে আরও দুজন তাঁদের সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হয়েছেন।