মৌলভীবাজারে চাঁপাইনবাবগঞ্জফেরত ১৩ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জনই চাঁপাইনবাবগঞ্জফেরত ও তাঁদের পরিবারের সদস্য। তাঁরা জেলার শ্রীমঙ্গলের একটি এলাকায় থেকে ব্যবসা করেন। নতুন করে শনাক্তের মধ্যে রাজনগরে একজন, শ্রীমঙ্গলে ১৪ জন এবং ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নমুনা প্রদানকারীদের মধ্যে ৯ জন আছেন। এই সময়ে পাঁচজন সুস্থ হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এই ২৪ জনের মধ্যে ১৩ জনই হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জফেরত ও তাঁদের পরিবারের সদস্য। চাঁপাইনবাবগঞ্জের চার থেকে পাঁচটি পরিবার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান এলাকায় থেকে প্লাস্টিকজাতীয় পণ্যের ব্যবসা করেন। পবিত্র ঈদুল ফিতরের সময় ১২ জন বাড়ি গিয়েছিলেন। সম্প্রতি তাঁরা বাড়ি থেকে ফিরে আসেন। ফেরার পর তাঁরাসহ তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে ৩৪ জনের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। তাঁদের মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
সারা জেলায় এ পর্যন্ত ২ হাজার ৪৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩০ জন। মারা গেছেন ৩০ জন। গত বছরের ৪ এপ্রিল মৌলভীবাজারের রাজনগরে প্রথম করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা যান। পরে তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে।
মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ আজ শনিবার প্রথম আলোকে বলেন, চাঁপাইনবাবগঞ্জফেরত ও তাঁদের পরিবারের সংক্রমিত ব্যক্তিরা করোনার ভারতীয় ধরন বহন করছেন কি না, তা জানতে জিনোম সিকোয়েন্সের জন্য লিখিতভাবে জানানো হবে। জেলায় কিছুদিন ধরে শনাক্তের হার ১০ থেকে ১৬ শতাংশের মধ্যে ওঠানামা করেছে।