মৌলভীবাজারে নতুন করে ১৩ জন কোভিড-১৯-এ আক্রান্ত

মৌলভীবাজারে নতুন করে আরও ১৩ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট সংক্রমিত হয়েছেন ১৯১ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৩ জন এবং মারা গেছেন ৪ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন করে সংক্রমিতের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ৩ জন, রাজনগরে ১ জন, কুলাউড়ায় ৫ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ১ জন এবং শ্রীমঙ্গলে ১ জন রয়েছেন। এ ছাড়া কমলগঞ্জে আগে থেকেই সংক্রমিত একজনের করোনা ‘পজিটিভ’ এসেছে।
গত ৪ এপ্রিল প্রথম মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গ্রামীণ হাটের একজন ব্যবসায়ী করোনার উপসর্গ নিয়ে মারা যান। পরে তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এরপর থেকে জেলায় ধারাবাহিকভাবে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়েই চলছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন তউহীদ আহমেদ নতুন করে ১৩ জনের আক্রান্তের সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পুলিশ ও স্বাস্থ্যকর্মীও (মিডওয়াইফ) আছেন।