মৌলভীবাজারে ফ্লাওয়ার্স স্কুলের ৪০ বছর পূর্তির অনুষ্ঠানে মাতলেন সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গল্প–আড্ডায় স্মৃতিচারণ করছেন প্রাক্তন শিক্ষার্থীদের একটি দল
ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলের চেনা স্কুল প্রাঙ্গণে আরেকবার ফিরলেন সবাই। কাঁধে ব্যাগ কিংবা পরনে স্কুলের পোশাক না থাকলেও সবাই এক দিনের জন্য হয়ে গেলেন স্কুলের বর্তমান শিক্ষার্থী। আজ শুক্রবার ফ্লাওয়ার্সের ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবে এমন একটি দিন পার করেছেন এখানকার প্রাক্তন শিক্ষার্থীরা।

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাক্তন শিক্ষার্থীদের ফেলে আসা সময়ে আরেকবার ফিরিয়ে নিতেই এই উৎসবের আয়োজন করেছিলেন তাঁরা। সকালে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর প্রাক্তন শিক্ষার্থী ও অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক শামীম আহমদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, ইস্টকোস্ট গ্রুপের পরিচালক সেলিনা চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বেগম চৌধুরী প্রমুখ।

বর্ষপূর্তি ও পুনর্মিলনী উদ্‌যাপন কমিটির প্রধান উপদেষ্টা এ কে এম মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা সব প্রাক্তন শিক্ষার্থীকে নিয়ে এই উৎসবের আয়োজন করেছি। অনেকের সঙ্গে অনেক দিন ধরে দেখা নেই। এই আয়োজনে পুরোনো বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। তাঁদের পেয়ে পুরোনো স্মৃতি মনে পড়ছে।’

প্রিয় শিক্ষককে পেয়ে সেলফি তুলছেন প্রাক্তন শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

বিকেলে ছিল স্মৃতিচারণামূলক অনুষ্ঠান ‘স্মৃতির পাতায় আমাদের স্কুল’। এতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীসহ বিদ্যালয় পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা স্মৃতিচারণ করেন। এরপরই সবাই সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছিলেন। সন্ধ্যায় কয়েকটি ব্যান্ড দল ও অতিথি শিল্পীরা গান পরিবেশন করেন।

উদ্‌যাপন কমিটির অন্যতম উপদেষ্টা হানিফ মোহাম্মদ বলেন, অনেক চেষ্টার পর ৪০ বছর পূর্তি উদ্‌যাপন করা হলো। আট শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উৎসবে অংশ নিতে নিবন্ধন করেছিলেন। প্রায় সবাই এসেছেন। উৎসব আনন্দময় করতে ব্যান্ড দলের গান ও নাটকের আয়োজন ছিল। সবাই মিলে খুব আনন্দ করে দিনটি কাটানো হয়েছে।