মৌলভীবাজারে মারামারির মামলায় বিএনপির নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে একটি মারামারির মামলায় বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন ওরফে মাতুককে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি জেলা বিএনপির সহসভাপতি ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে গত ১০ এপ্রিল মৌলভীবাজার সদর মডেল থানায় করা একটি মারামারির মামলা রয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে তিনি কিছুটা অসুস্থ বোধ করায় তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে তাঁর গ্রামের এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার মামলায় তাঁকেও আসামি করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপরাশেন) মশিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আজ প্রথম আলোকে বলেন, গত মাসের একটি মারামারির মামলায় মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কিছুটা অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।