মৌলভীবাজারে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে চৌকি স্থাপন, অভিযানের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার জেলার মানচিত্র

মৌলভীবাজারে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন স্থানে চৌকি স্থাপন, জনসমাগমপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা, সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ জেলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সভায় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথি দত্ত, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানিয়েছেন, গত ঈদের পর থেকে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জেলা সদরসহ সব উপজেলায় চৌকি বসিয়ে তদারক করা হবে। সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যবসাপ্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে মাস্ক ব্যবহার নিশ্চিতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। ছাত্র ও যুবকদের মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে প্রচার-প্রচারণা ও সমন্বয় জোরদার করা হবে। এ ছাড়া উপজেলা পর্যায়ে করোনার পরীক্ষা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ জুন পর্যন্ত এসব কার্যক্রম চলবে। পরে অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কুলাউড়া উপজেলাতে সর্বোচ্চ ১৩ জন। এই ১৩ জনের মধ্যে ৩ জন চাঁপাইনবাবগঞ্জফেরত। এ সময়ে ছয়জন সুস্থ হয়েছেন। মারা গেছেন একজন। জেলায় এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬০৯ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৫৩ জন। মারা গেছেন ৩১ জন।

এ বিষয়ে সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা এবং ঘন ঘন হাত ধোয়া নিশ্চিত করা না গেলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বেশি। পরিস্থিতি খারাপ হলে অন্য জেলার মতো আমাদেরও লকডাউনে যেতে হবে।’