মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা রুমেল আহমদ ওরফে মাসুম (৩২) নিহত হয়েছেন। তিনি ছাত্রদলের মৌলভীবাজার জেলা কমিটির দপ্তর সম্পাদক ছিলেন। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের (সাবেক সেন্ট্রাল রোড) প্রধান ডাকঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মৌলভীবাজার শহরতলির চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারবাগ গ্রামের মাসুদ মিয়ার ছেলে।
পুলিশ, ছাত্রদল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের এম সাইফুর রহমান সড়কের পশ্চিমবাজারে রুমেল আহমদের কাপড়ের দোকান আছে। গতকাল ইফতারের আগে তাঁর বাবাকে মোটরসাইকেলে করে শহর থেকে বাড়িতে পৌঁছে দিয়ে আবার শহরের দোকানে ফিরছিলেন। তিনি সড়কের ডাকঘর এলাকায় এলে দ্রুতগামী একটি গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি উল্টে তিনি মাটিতে ছিটকে পড়ে যান। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাত্রদল মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক আকিদুর রহমান প্রথম আলোকে বলেন, রুবেল আহমদ বাড়ি থেকে দোকানে ফিরছিলেন। তিনি বিবাহিত ও তাঁর একটি ছেলে আছে। আজ বৃহস্পতিবার তাঁকে দাফন করা হবে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিনুল হক মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় মামলা হয়নি বলে জানান তিনি।