মৌলভীবাজারে রং-তুলিতে বিজয়ের আলপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বেলা ১১টায় মৌলভীবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘বিজয় আলপনা আঁকি’ শীর্ষক আয়োজন
ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধের সময় সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। ৫০ বছর পর বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এসে মুক্তিযুদ্ধের স্মৃতি আর একাত্তরে দেখা সোনার বাংলাদেশের স্বপ্নকে বীর মুক্তিযোদ্ধারা রং–তুলিতে আঁকলেন। তাঁদের সঙ্গে ছিলেন ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধিরা। বিজয়ের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে আজ বুধবার বেলা ১১টায় মৌলভীবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘বিজয় আলপনা আঁকি’ শীর্ষক আয়োজন।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীর মুক্তিযোদ্ধারা রং-তুলি নিয়ে স্টেডিয়ামের দেয়ালের নির্ধারিত স্থানে ছবি আঁকার সূচনা করেন। পরে তাঁরা শিশুদের হাতে রং-তুলি তুলে দেন। এরপর শিশুরা নিজেদের মনের ভেতর থাকা বাংলাদেশের ছবি দেয়ালে ফুটিয়ে তোলে। তাদের কেউ এঁকেছে দেশের পতাকা, মুক্তিযুদ্ধের দৃশ্য, কেউ গাছপালা, পাখি-মাছ আবার কেউ গ্রামবাংলার দৃশ্য এঁকেছে। শিশুদের সঙ্গে আসা অভিভাবকেরাও নানা রকম ছবি এঁকেছেন। দেখতে দেখতে দেয়ালজুড়ে ফুটে উঠেছে এক রঙিন দেশের আলপনা।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেলা সংসদের সাবেক কমান্ডার জামাল উদ্দিন, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন প্রমুখ।

মীর নাহিদ আহসান প্রথম আলোকে বলেন, বীর মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলেন, শিশুরা সেই স্বপ্ন তাদের আঁকা ছবিতে ফুটিয়ে তুলেছে। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে শিশুদের মেলবন্ধনের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।